কুষ্টিয়ায় বিএনপি কার্যালয় বন্ধ করে দিল পুলিশ, গ্রেপ্তার ৮

কুষ্টিয়া জেলার মানচিত্র
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা নামিয়ে কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ আজ শুক্রবার সকালে গিয়ে কার্যালয় বন্ধ করার নির্দেশ দেয়। একই সময়ে জেলার মিরপুর উপজেলায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যাওয়ার পথে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে আজ সকালে খোকসা বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় খোলা হয়। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা সেখান থেকে একটি মৌন শোভাযাত্রা নিয়ে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, ফুল দিতে যাওয়ার সময় প্রথমে খোকসা থানার পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশের একটি দল থানা বিএনপির কার্যালয়টির পাশে অবস্থান নেয়। পরে দলীয় পতাকাটি নামিয়ে থানা বিএনপির কার্যালয়টি বন্ধ করে দিতে বাধ্য করা হয়।

খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ ওরফে রাজু প্রথম আলোকে বলেন, পুলিশের চাপে দীর্ঘদিন ধরে থানা বিএনপির প্রধান কার্যালয়টি তালাবদ্ধ রাখা হয়। মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য তাঁরা সকালে কার্যালয়টি খুলেছিলেন। পুলিশের এসআই মোজাম্মেল হোসেন তাঁদের জানান, ওপরের নির্দেশ পতাকা নামিয়ে কার্যালয় বন্ধ করে চলে যেতে হবে। এরপর পুলিশ পতাকা নামিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে জানতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি। তবে খোকসার স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রধান রাজনৈতিক দুটি দল একত্রে ফুল দিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এ জন্য পুলিশ সতর্ক ছিল। তবে বিএনপির নেতা নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে শহীদবেদিতে তাঁরা ফুল দিয়েছেন। দলীয় কার্যালয় বন্ধের প্রশ্নে তিনি বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে এমনিতেই বন্ধ রয়েছে।

অন্যদিকে সকাল সোয়া ১০টার দিকে মিরপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিরপুর উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিতে যান। এ সময় মিরপুর ফুটবল মাঠের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ সময় আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। মিরপুর পৌর বিএনপির সভাপতি আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, একটি মৌন শোভাযাত্রা নিয়ে ফুল দিতে যাওয়া হয়। এ সময় পুলিশ বাধা দেয়। পুলিশ জানায়, ফুল দেওয়া যাবে না। ওপরের নির্দেশ রয়েছে। এ নিয়ে সেখানে একটু উত্তেজনা দেখা দেয়। এরপর পুলিশ বিনা উসকানিতে আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার আটজন হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের কর্মী শহিদুল ইসলাম, স্বেচ্ছসেবক দলের কর্মী আকাশ হোসেন, যুবদলের কর্মী ইমরান হোসেন, জুবায়ের হোসেন ও শাহিন আহমেদ।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ৭ ডিসেম্বর মিরপুর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার কয়েকজন আসামির স্বীকারোক্তি মোতাবেক কয়েকজনের নাম পাওয়া যায়। অভিযান চলছিল। ফুল দিতে যাওয়ার পথে এ রকম আটজনকে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে নাশকতা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।