
রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে চলমান বাস ধর্মঘটের মধ্যে এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলার যানের ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি। আজ শুক্রবার দুপুরে সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মিশুক–সিএনজি মালিক সমিতির সহসভাপতি আহসান হাবিব বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আহসান হাবিব বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনো রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না। মহাসড়কে চলতে গেলে বাস মালিক সমিতি তাঁদের নানা ধরনের বাধা দিচ্ছে। গত কয়েক দিনে তা বেড়েছে।
মিশুক-সিএনজি মালিক সমিতি সূত্রে জানা গেছে, তাদের দুই দফা দাবি হলো—মহাসড়কে অবাধে চলাচল এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। এই দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানা গেছে।
এর আগে মহাসড়কে নছিমন–করিমন–ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গতকাল ভোর ছয়টা থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আগামীকাল শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আগে বাস ধর্মঘট শুরু হওয়ায় বিএনপির নেতা–কর্মীরা অটোরিকশাসহ তিন চাকার যানে রাজশাহীতে আসছিলেন। সাধারণ যাত্রীদেরও বাসের বিকল্প হিসেবে তিন চাকার যানই ছিল একমাত্র ভরসা।
তবে আজ সকালেও অটোরিকশাসহ অন্যান্য তিন চাকার যান মহাসড়কে চলতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন, আজ সকাল ছয়টা থেকে তাঁরা ধর্মঘট ডেকেছিলেন। বার্তাটি হয়তো অনেক জায়গায় পৌঁছায়নি। এ কারণে অনেকেই গাড়ি বের করছিলেন। আবার রাস্তায় বাস না চলার কারণে অনেকেই এসব গাড়ি রিজার্ভ করে চিকিৎসার জন্য রাজশাহীতে এসেছেন। এ কারণে দু-একটি গাড়ি রাস্তায় থাকতে পারে। তবে এখন থেকে আর থাকবে না।
তবে বিএনপির সমাবেশের সঙ্গে এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই দাবি করে আহসান হাবিব বলেন, বাস মালিক সমিতি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলারকে অবৈধ বলার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। এর পাল্টা জবাব হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে। থ্রি-হুইলার গাড়ি চালানোর জন্য তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। ‘না হলে এই গাড়ি কেন এখনো বাংলাদেশে আছে’—উল্টো এই প্রশ্ন তোলেন তিনি।