
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামত করার নামে আন্দোলন করছে। মেরামতের নামে তারা কোন রাষ্ট্র গঠন করতে চায়? জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া ২৮ বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছিলেন। ওই সময় তিনি স্বাধীন বাংলাদেশকে আবার পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন।
আজ শনিবার খুলনা নগরের লোয়ার যশোর রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
‘সারা দেশে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের নামে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা এবং অস্ত্রের মহড়া’র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর যুবলীগ।
সভায় প্রধান বক্তা এস এম কামাল হোসেন আরও বলেন, ‘ওই সময় জিয়াউর রহমান মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, সংবিধানকে বুটের তলায় পিষ্ট করেছিলেন। সাড়ে চার লাখ আওয়ামী লীগ নেতা–কর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেপ্তার করেছিলেন। বিএনপি রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে কি বাংলাদেশকে আবার সেই রাষ্ট্রে পরিণত করতে চায়?’
খালেদা জিয়ার শাসনামলের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসে রাষ্ট্রকাঠামো পরিবর্তন করলেন। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিলেন। বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানালেন, বাংলাদেশকে খুনিদের রাষ্ট্রে পরিণত করলেন, বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলেন। ছায়া প্রধানমন্ত্রী হয়ে তারেক জিয়া বাংলাদেশকে জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের রাষ্ট্র বানালেন। সেই রাষ্ট্র আবারও তাঁরা তৈরি করতে চান।’
সভায় বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত নির্বাচন সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। তারা আন্দোলনের নামে সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর হামলা করছে। গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়ন রক্ষায় আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করছে। রাজপথে থেকে বিএনপি–জামায়াতের এই অপচেষ্টা প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম (বন্দ), অধ্যক্ষ শহিদুল হক, জেড এ মাহমুদ, আলী আকবর, আলকা নন্দা দাস, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান ওরফে বুলু বিশ্বাস, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনোজিৎ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।
সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।