ফুটপাতে উঠে যাওয়া বাস দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়ার ঠিক আগ মুহূর্তে
ফুটপাতে উঠে যাওয়া বাস দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়ার ঠিক আগ মুহূর্তে

কাজে যোগ দিতে কর্মস্থলে যাচ্ছিলেন, বেপরোয়া বাসের চাপায় সড়কেই মৃত্যু দুই পোশাকশ্রমিকের

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দ্রুতগতির বাসের চাপায় দুই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে বায়েজিদ বোস্তামীর বালুছড়া ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের নাম অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক (২২)।

দুই শ্রমিকই সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন। কারখানার সামনেই দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। হাসপাতালে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়। নিহত অরুণ দাশ বালুছড়া এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসে এবং আজিজুল হক লয়াল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন। অরুণ বালুছড়া এলাকায় বসবাস করতেন। তবে আজিজুলের পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দুই শ্রমিকসহ কয়েকজনকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ও আরেকজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়।

ভিজ্যুয়াল গার্মেন্টসের কর্মী মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকালে অরুণ ও আজিজুল হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা দুজন ও এক নারী পথচারী আহত হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নেন। অরুণকে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুলের আইসিইউ প্রয়োজন ছিল। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক অরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিজুল হককে প্রথমে একই হাসপাতালে নেওয়া হলেও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাঁদের কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আজিজুল হকের সহকর্মী লয়াল টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিক আবদুল্লাহ আল আয়ান এ ঘটনা নিয়ে ফেসবুকে লেখেন, ‘গতকাল ডিউটি শেষ করার আগে যার সঙ্গে হাসি–দুষ্টুমি করে কথা বললাম, ভাবতেও পারিনি সেটাই হবে তার সঙ্গে আমার শেষ দেখা, শেষ কথা। আজ সকালে অফিসের সামনে বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে একজন মানুষ এভাবে স্মৃতি হয়ে যায়—এটা সত্যিই মেনে নেওয়া কঠিন।’