চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধারা এখন স্কুল-মাদ্রাসায় গিয়ে যুদ্ধকালীন সংগ্রামের কথা শোনাবেন

চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আ ক ম মোজাম্মেল হক
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা নতুন প্রজন্মের জানা খুবই জরুরি। এ জন্য শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিডিউল করে এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা স্কুল-মাদ্রাসায় যাবেন এবং ছেলেমেয়েদের যুদ্ধকালীন সংগ্রামের কথা শোনাবেন।

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। এ সময় শহরের এতিমখানা সড়কে অবস্থিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সরাসরি এবং সেখান থেকে ভার্চ্যুয়ালি জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন মন্ত্রী।

নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে মন্ত্রী বলেন, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে তৈরি সব কটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ক্যাপসুল লিফট স্থাপন করা হবে। প্রাথমিকভাবে প্রতিটি লিফটের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এ ছাড়া ‘বীরের কণ্ঠে বীর গাথা’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার বক্তব্য ধারণ করা হবে। সব মুক্তিযোদ্ধার বক্তব্য সেখানে থাকবে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কী স্লোগান দিয়েছিলেন, কার কথায় মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কীভাবে ৯ মাস যুদ্ধ করলেন, কোথায় ট্রেনিং নিয়েছেন, এগুলো সব বর্ণনা থাকবে।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন কমিটি না থাকায় মুক্তিযোদ্ধারা কেউ কাউকে মানেন না। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অল্প দিনের মধ্যেই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জীবিত মুক্তিযোদ্ধারা ভোটার হবেন। ভোটার তালিকায় কোনো মুক্তিযোদ্ধার নাম যদি ভুল থাকে বা কোনো অমুক্তিযোদ্ধার নাম এসে থাকে, প্রমাণ সাপেক্ষে তা সংশোধন করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য আলি আজগার, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।