মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ দর্শনার্থী দুই ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দোতলা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আজ দুপুর ১২টার দিকে হাসপাতালের পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠেন কয়েকজন। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকে পড়া নারীসহ ১০ জন চরম আতঙ্কে পড়েন। প্রচণ্ড গরমে শুরু হয় চিৎকার ও চেঁচামেচি। পরে মাদারীপুরের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে আটকে পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কয়েকজন নারীসহ ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি। লিফটের কারিগরি সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।