নভেম্বরে খুলনা-মোংলা রেলপথ চালু হবে: রেলমন্ত্রী

বাগেরহাটের মোংলা বন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর খুলনা-মোংলা রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের রেলসেতুর কাজ শতভাগ শেষ হয়েছে। ফুলতলা-মোংলা রেলপথের ৯৮ দশমিক শূন্য ৫ শতাংশের কাজ শেষ হয়েছে। বাকি কাজ ৩১ অক্টোবরের মধ্যে শেষ হবে। আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

আজ শনিবার খুলনা-মোংলা নতুন রেলপথ পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় মন্ত্রী এসব কথা বলেন। দুপুরে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের অ্যালাইনমেন্ট (সেতু নম্বর-১০) পর্যন্ত এবং মোহাম্মদনগর রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। পরে মোহাম্মদনগর এলাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন তিনি।

মন্ত্রী বলেন, রেলপথ বাংলাদেশের জাতীয় সম্পদ। যোগাযোগের অন্যতম সহজ ও নিরাপদ মাধ্যম রেলপথ। পুরো বাংলাদেশকে রেলের আওতায় নিয়ে আসার জন্য রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়নের দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। খুলনা-মোংলা রেলপথ চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। ওই রেলপথ উদ্বোধনে একটু সময় লাগলেও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, ফুলতলা-মোংলা পর্যন্ত রেলপথ চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং মোংলা বন্দর ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি ও রপ্তানি করার সুযোগ ঘটবে। এতে সরকারি রাজস্ব বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে বিকেলে বাগেরহাটের মোংলা বন্দর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘রেলপথে রূপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পন্ন হয়নি। এক সপ্তাহের মধ্যে লিংকেজ সম্পূর্ণ হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া দু–তিনটি ব্রিজে ত্রুটি দেখা দিয়েছিল, ইতিমধ্যে সেগুলো ত্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ করতে ২০১০ সালে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদন পায় প্রকল্পটি।

ভারত সরকারের ঋণসহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টার্বো ও ইরকন ইন্টারন্যাশনাল। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কয়েক ধাপে মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত করা হয়। সর্বশেষ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।