
বরিশাল বিভাগে নতুন করে আরও ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। একই সময়ে আরও তিনটি শিশু রুবেলায় (জার্মান হাম) আক্রান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা জেলায়—২৫ জন। এ ছাড়া বরিশালে ২৪ জন, ভোলায় ৪, ঝালকাঠিতে ৫, পটুয়াখালী ও পিরোজপুরে ২টি করে শিশু আক্রান্ত হয়েছে। এ ছাড়া বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় ১ জন করে মোট ৩টি শিশুর শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে বিভাগের ছয় জেলায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ২৩ শিশু ভর্তি হয়েছে। আজ দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৩ শিশু। এ ছাড়া গত মার্চ মাসে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৩৪ জন।
বরিশাল বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আটটি শিশু মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনায়—তিনটি শিশু। এ ছাড়া বরিশালে একজন এবং ভোলা ও পিরোজপুরে দুটি করে শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়ায়। আক্রান্ত রোগীর সংস্পর্শে বা একই ঘরে থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।