
ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম ওরফে এ্যামি নামের (৩০) এক গৃহবধূ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই নারী।
গৃহবধূ আসিয়া ইসলামের স্বামীর নাম মো. নাজমুল হাসান। তিনি ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আর আসিয়া ইসলাম ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
নাজমুল হাসান বলেন, সদ্য জন্ম নেওয়া তিন শিশুর মধ্যে দুই পুত্র ও এক কন্যাসন্তান। নবজাতক তিন সন্তান ও তাদের মা সুস্থ আছে। ইতিমধ্যে তিন সন্তানের নাম ঠিক করেছেন তিনি। দুই ছেলের নাম রাখা হবে জাহিদ বিন হাসান ও জাফর বিন হাসান এবং মেয়ের নাম রাখবেন জারিন সুলতানা।
ওই প্রসূতি নারীর পারিবারিক সূত্রে জানা যায়, আসিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মো. আজাদ শেখের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে কানাইপুরের মালাঙ্গা গ্রামের মো. নাজমুল হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। সাত মাস আগে প্রথম আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে গর্ভে তিন সন্তানের কথা জানতে পারেন নাজমুল-আসিয়া দম্পতি। এর পর থেকে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক সুলতানা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।
চিকিৎসক সুলতানা বেগম বলেন, ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার ৯ মাস ১৪ দিন পর আজ অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের মা হয়েছেন। ওই নারী ও তাঁর তিন নবজাতক সুস্থ আছে।