
সপ্তম শ্রেণির ছাত্র মো. তামিম খান (১৪)। নিয়মিত স্কুলে যায়। ক্লাসের বিরতিতে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে, গল্প করে মাতিয়ে তোলে। হঠাৎই ছেলেটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চার দিন ধরে নিখোঁজ সে।
তামিমের বাবার নাম মো. ইসহাক আলী খান। সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ভাঙ্গাবাড়ি (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা তিনি।
তামিমের মা জানান, সম্প্রতি ছেলেকে শখ করে একটি বাইসাইকেল কিনে দেন ওর বাবা। সেটি নিয়ে সে স্কুলে যেত। গত বৃহস্পতিবারও সাইকেলে করে স্কুলে যায় তামিম। এক ফাঁকে সাইকেলটি চুরি হয়ে যায়। ক্লাস শেষে সাইকেল না পেয়ে সে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু পায়নি। বাসায় ফিরে এসে পরদিন শুক্রবার সকালে আবার সাইকেলটি খুঁজতে স্কুলে যায় সে।
স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে শুক্রবার সকালে তামিমকে সর্বশেষ সাইকেল খুঁজতে দেখা যায়। পরে সেখান থেকে সে চলে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
পরিবার জানায়, এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তামিমের গায়ের রং উজ্জ্বল শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা–সবুজ গেঞ্জি ও নীল রঙের জিনসের প্যান্ট। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা বা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো।
ঠিকানা: তোফাজ্জল হোসেন (তামিমের নানা), নতুন ভাঙ্গাবাড়ি (পূর্বপাড়া), সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।