‘বৃটিশ শাসনামল থেকে কুমিল্লা অগ্রসরমান। এখানকার মানুষের শিক্ষা ও সাংস্কৃতিক মান অনেক উঁচু। এই শহরে আপনাদের ওপর হামলা হবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। বিএনপি আপনাদের পাশে আছে।’
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনার ‘তদন্তে গিয়ে’ আহত ব্যক্তিদের উদ্দেশে এই কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরের ঠাকুরপাড়া শ্মশান কালীমন্দিরে বসে হামলায় আহত ব্যক্তিদের সাক্ষাৎকার নেন বিএনপি নেতারা। এ সময় আহত চারজনকে বিএনপির পক্ষ থেকে অনুদানও দেওয়া হয়।
বরকতউল্লা বুলুর নেতৃত্বে বিএনপির এই তদন্ত দলে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। এ সময়ে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী, সদস্যসচিব ইউসুফ মোল্লা, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সকিনা বেগম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্রমুখ। অবশ্য সেখানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের দেখা যায়নি।
বিএনপির তদন্ত দল প্রথমে হামলায় আহত সুনীল দাস, কালিপদ ঘোষ ও তন্ময় দাসের বক্তব্য নেন। এর মধ্যে কালিপদ দাস প্রতিনিধি দলকে বলেন, ‘বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল। পুলিশ মিছিল কর ভবনের সামনে আটকে দেওয়ার পর আমরা ব্যানার গুটিয়ে ফিরে যাচ্ছিলাম। তখন যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা করে।’
এ সময় বরকতউল্লা বুলু বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) ভোটের মাধ্যমে হয়নি, তাই আপনাদের দরকার নেই। ওই কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনাদের ওপর হামলা করেছে।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী হামলার কারণ উদ্ঘাটন করতে এসেছেন উল্লেখ করে বরকতউল্লা বুলু আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো সংখ্যালঘু নেই। আপনাদের ওরা সংখ্যালঘু বলে। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে থাকতে চাই।’ আগামী সাত দিনের মধ্যে দলের কাছে তাঁরা প্রতিবেদন দেবেন বলে জানান বরকতউল্লা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ৬ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য বাহাউদ্দিন ‘মদমুক্ত পূজা’ করার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন।
ওই মন্তব্যের প্রতিবাদে ১৩ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। কুমিল্লায় কর্মসূচি পালনকালে যুবলীগ–ছাত্রলীগ নেতা–কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। তাঁদের ধাওয়ায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। হামলার ঘটনায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মামলা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে।