
চট্টগ্রাম নগরে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই এলাকায় আগুনে পুড়ে গেছে একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ওই এলাকার ওমর আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, এলাকাটিতে করাতকল, সুতার গুদাম, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।