শরীয়তপুরের নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। রোববার রাতে উপজেলার চাকধ বাজারে
শরীয়তপুরের নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। রোববার রাতে উপজেলার চাকধ বাজারে

নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার রাত সাড়ে নটার দিকে দুর্বৃত্তরা ওই কার্যালয়ের সামনে দুটি ককটেল ছুড়ে মারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর একটি বিস্ফোরিত হলে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নড়িয়া থানা সূত্র জানায়, নড়িয়া-ঘড়িসার সড়কের চাকধ বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভুমখারা ইউনিয়ন কার্যালয় অবস্থিত। রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই কার্যালয়টি বন্ধ ছিল। কার্যালয়টির আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা তারাবিহর নামাজে গিয়েছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। মোটরসাইকেলে বসেই কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। তার মধ্যে একটির বিস্ফোরণ ঘটে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় সড়কের মধ্যে পড়ে থাকে। ককটেল বিস্ফোরণের পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে ওই স্থানে যায় নড়িয়া থানার পুলিশ। তারা অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।

নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটির  বিস্ফোরণ ঘটে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় সড়কের মধ্যে পড়ে থাকে। রোববার রাতে শরীয়তপুরের নড়িয়ার চাকধ বাজারে

জানতে চাইলে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এমন তথ্য পেয়েছি। ওই সময় আমাদের কার্যালয়টি বন্ধ ছিল। আমাদের স্থানীয় নেতা–কর্মীরা এ খবর পেয়ে সেখানে ছুটে গেছেন। আমরা জানার চেষ্টা করছি কারা এমন ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।’

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত প্রথম আলোকে বলেন, সড়কের পাশে বিএনপির সহযোগী সংগঠনের একটি কার্যালয় ছিল। ওই কার্যালয়টি বন্ধ থাকা অবস্থায় তার সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি ওই ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ আলামত জব্দ করেছে। কারা ঘটিয়েছে জানার চেষ্টা চলছে।