প্রতিদিন সকালে গাজীপুর নগরের বিভিন্ন সড়কে সারি ধরে বসে ভাসমান সবজির দোকান। মূল ক্রেতা পোশাক কারখানার শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষ। আজ শুক্রবার সকাল আটটা, এমনই একটি সবজির দোকান বসেছে টঙ্গীর গাজীবাড়ি সড়কে। সবজি কিনতে দোকানটিতে ভিড় করেছেন ছয়–সাতজন পোশাকশ্রমিক। কিন্তু সবজির দাম বেশি। তাই কেউ প্রয়োজনের অর্ধেক কিনছিলেন, কেউবা দর–কষাকষি করছিলেন।
এর মধ্যেই হঠাৎ বাগ্বিতণ্ডা। একটি কারখানার শ্রমিক হাসনা বেগম ৪০ টাকা দিয়ে এক কেজি বেগুন কিনতে চাইছেন। কিন্তু বিক্রেতা বিল্লাল হোসেন ৫০ টাকার নিচে কিছুতেই দেবেন না। এ নিয়েই কিছুটা রেগে গিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন হাসনা।
হাসনার ভাষ্য, ঢ্যাঁড়স, বেগুন, চিচিঙ্গা, গাজর, মরিচসহ অন্যান্য অনেক সবজির দাম ৫০ টাকার ওপরে। এ কারণে পছন্দমতো কোনো সবজিও কিনে খাওয়া যায় না। এক সপ্তাহ আগেও এক কেজি বেগুন কিনতে হয়েছে ৫০–৫৫ টাকা দিয়ে। এখনো সেই একই দাম। তাই ক্ষোভ সামলাতে না পেরে তর্কে জড়িয়েছেন।
হাসনা বলছিলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ, যা বেতন পাই তা দিয়ে কোনোরকমে টেনেটুনে সংসার চলে। এর মধ্যে সবজির যে চড়া দাম, তাতে খেয়েপরে টিকে থাকাই কঠিন। বাজারে আসতেই ভয় লাগে।’
প্রকৃতিতে এখন শীতকাল। সবজির ভরা মৌসুম। তারপরও গাজীপুরের বাজারগুলোতে সেভাবে কমেনি সবজির দাম। মাছের দাম কিছুটা স্থিতিশীল। তবে হেরফের আছে মুরগি ও গরুর মাংসে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা; বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন।
মাছ–মাংসের বাজারে তো যাওয়ারই সাহস করি না। যেই দাম। আমাদের খেয়েপরে টিকে থাকাই কঠিন।মো. মানিক মিয়া, চটপটি বিক্রেতা, টঙ্গী
আজ শুক্রবার সকালে গাজীপুর নগরের টঙ্গী কাঁচাবাজারে প্রতি কেজি শসা (দেশি) ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০, পটোল ৮০, টমেটো দেশি ৪০, চিচিঙ্গা ৬০, বরবটি ৭০, গাজর ৪০, ঢ্যাঁড়স ১০০, মরিচ ১২০ থেকে ১০০, করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপি ৩০, বাঁধাকপি ২৫ এবং লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হয়। নগরের জয়দেবপুর কাঁচাবাজার, বউবাজার, জামাইবাজারসহ অন্যান্য বাজার ঘুরেও একই চিত্র দেখা যায়। এক সপ্তাহ আগে সবজিগুলোর দাম ছিল আরও বেশি। এর মধ্যে কোনোটিতে ৫–১০ টাকা কমেছে, কোনোটিতে বেড়েছে।
মুরগির বাজারে দাম বেড়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রে। টঙ্গী সোনাভান মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুগি বিক্রি হচ্ছে ২১০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮০ টাকা। লেয়ার মুরগি ২৫০ বেড়ে হয়েছে ২৭০, পাকিস্তানি সোনালি মুরগি ২৫০ থেকে বেড়ে ২৭৫ এবং দেশি মুরগি ৪৪০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৪৬০ টাকা। অর্থাৎ প্রতিটি মুরগিতে বেড়েছে ১৫ থেকে ৩০ টাকা।
সবচেয়ে বেশি হেরফের হয়েছে গরু ও খাসির মাংসের দাম। এক সপ্তাহ আগেও এক কেজি গরুর মাংস পাওয়া যেত ৬৫০ টাকায়। এখন তা বেড়ে হয়েছে ৭০০ টাকা। খাসির মাংস ৯০০ টাকা থেকে হয়েছে ১ হাজার ১০০ টাকা। অর্থাৎ খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে প্রায় ২০০ টাকা বেশি।
ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম মাঝেমধ্যেই ওঠানামা করে। তা ছাড়া এবার শীতের শুরু থেকেই সবজির সরবরাহ তুলনামূলক কম, তাই তাঁদেরও বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। টঙ্গী বাজারের সবজি বিক্রেতা মো. স্বপন বলেন, এখন শীতকাল হলেও সবজির সরবরাহ অন্যবারের চেয়ে কিছুটা কম। এ কারণে সবজির দাম কোনোটা হঠাৎ বাড়ছে, আবার হঠাৎ কমছে। তাঁরা আড়ত থেকে কম দামে সবজি আনতে পারলে কম দামে বিক্রি করতে পারেন। কিন্তু ক্রেতারা এসব বুঝতে চান না। দাম বেশি রাখেন মনে করে তর্কে জড়ান।
মুরগি বিক্রেতাদের দাবি, এখন মুরগির খাবারের দাম আগের তুলনায় অনেক বেশি। এ কারণে খামারিরা বিক্রিও করেন বেশি দামে। তা ছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজিতে দাম বেড়েছে বলে দাবি তাঁদের।
সোনাভান মার্কেটের পুরোনো মুরগি ব্যবসায়ী মো. রুবেল বলেন, মুরগির খাবারের দাম বাড়ায় খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে এক সপ্তাহ ধরেই দাম বাড়াতে হয়েছে।
তবে ক্রেতারা বলছেন, বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। এখনো তা–ই করছেন। শীতে সবজির সরবরাহ কম, এটা বিশ্বাসযোগ্য নয়। বিক্রেতারা ইচ্ছা করেই দাম বাড়িয়ে দেন বলে দাবি তাঁদের।
টঙ্গী বাজারে চটপটি বিক্রি করেন মো. মানিক মিয়া। প্রতিদিনই বিভিন্ন প্রকার সবজি কিনতে হয় তাঁকে। কথা হলে তিনি বলেন, এই মৌসুমে সব সবজির দাম ১০ থেকে ২০ টাকার মধ্যে নেমে আসার কথা। কিন্তু সে অনুপাতে কোনো সবজির দামই কমেনি। ১ কেজি আলু কিনতে গেলেও প্রায় ২৫ টাকা খরচ হয়ে যাচ্ছে। মানিক বলেন, ‘মাছ–মাংসের বাজারে তো যাওয়ারই সাহস করি না। যেই দাম। আমাদের খেয়েপরে টিকে থাকাই কঠিন।’
এদিকে মাছের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি রুই-কাতলা ২৩০ থেকে ২৮০ টাকা, চিতল ৫৫০-৬০০, শিং ৩৫০-৪০০, চিংড়ি ৫৫০-৯০০, টেংরা ৪৫০-৬০০, বাইম ৫৫০-৬০০, কাচকি ৪০০, মলা ১৪০-১৬০ এবং ইলিশ আকারভেদে ৫০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, মাছের দাম কিছুটা স্থিতিশীল। তবে কোনো কারণে আবহাওয়া খারাপ হলে বা যাতায়াতে সমস্যা দেখা দিলে দাম বেড়ে যেতে পারে।