সরকারি কর্মচারী বললেন

‘২০০ টাকায় কাজ হবে না, ৫০০ টাকা লাগবে...’

অপরাধ
প্রতীকী ছবি

অফিস সময়ের পর পাঁচ শ টাকার কম উৎকোচে কাজ করেন না তিনি। এটা পত্রিকায় লিখে দিলেও আপত্তি নেই তাঁর। তিনি নিজেও চাচ্ছেন এটা। কারণ হিসেবে ওই শাখা থেকে দ্রুত বদলি হওয়ার ইচ্ছার কথা জানালেন। এমন কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নীলফামারীতে।

ওই ভিডিওতে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক কার্যালয় সহকারীকে এভাবে কথা বলতে দেখা যায়। এই ব্যক্তি হলেন নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার কার্যালয় সহকারী আবদুস সাদিক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোনো একটি অনুমতির কাগজ নিতে গেছেন এক ব্যক্তি। তিনি কথা বলছিলেন আবদুস সাদিকের সঙ্গে। তিনি বলছিলেন, ‘পাঁচ শ টাকার কমে অফ টাইমে কোনো কাজ হবে না। আপনি যদি পেপারে উঠে দেন এ কথা, রাজি আছি। আমরা চাচ্ছি এটা। আমাদের ইমিডিয়েটলি বদলি নেওয়ার কথা এই শাখা থেকে। ভালো সিদ্ধান্ত দিবে আমাদের। দ্বাদশ নির্বাচনে সেখানে বসে খাব কয়টা দিন।’ এ সময় অপর দিক থেকে ভুক্তভোগী ব্যক্তি ২০০ টাকা দিতে চাইলে তিনি বলেন, ‘২০০ টাকায় কোনো কাজ হবে না।’

পরে ভুক্তভোগী ব্যক্তি আবারও জিজ্ঞেস করেন, ‘কত টাকা হলে কাজ হবে?’ উত্তরে আবদুস সাদিক বলেন, ‘৫০০ টাকা দিলে কাজ হবে। রাত ১০টা হলেও তোর ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে তারপর বাড়ি যাব।’ পরে ভুক্তভোগী ব্যক্তি ৫০০ টাকা দিলে তিনি আরও ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে আবদুস সাদিক বলেন, ‘তাহলে তোর কাজও হবে না...।’

এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ, কয়েক দিন ধরে ওয়াজ মাহফিলের অনুমতির কাগজটি ঘুষের জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। অনুমতির কাগজটির জন্য অনেকেই ঘুরছেন। কিন্তু আবদুস সাদিক কখনো এক হাজার টাকা, কখনো দেড় হাজার টাকা আবার কখনো পাঁচ শ টাকা চান। তিনি এই কাজের জন্য দুদিন তাঁর কাছে গেছেন। প্রতিবারই ঘুষ চেয়েছেন। পরে তিনি ভিডিও করেন বলে জানালেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুস সাদিক বলেন, ‘আমি ঘুষ নিইনি। আমি তাঁকে সাংবাদিক বানাইলাম। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। ও নিজে টাকা দিয়ে আমার সঙ্গে ভিডিও করে বদমাইশি করছিল। সেটা আবার ভাইরাল করল।’

এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘আবদুস সাদিককে অন্য শাখায় বদলি করে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’