কেরানীগঞ্জে রাসায়নিক বা বিষমুক্ত উপায়ে আবাদে ফসলের উৎপাদন বেড়েছে, ভালো দামও পাওয়া যাচ্ছে।
সবজিচাষি আতর আলী। ২৬ শতক জমিতে শিম, লালশাক ও বাঁধাকপি চাষ করেছেন। এসবে ব্যবহার করেছেন কেবল জৈব সার। ফলনও হয়েছে বেশ। তাঁর মতো অনেক কৃষক এখন সারমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে ঝুঁকছেন। ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
উপজেলার কলাতিয়া এলাকার বাসিন্দা আতর আলী বলেন, ‘কেমিক্যাল বা কোনো রাসায়নিক সার না দিয়া আমরা বিষমুক্ত সবজি ফলাইছি। এই সবজি নিজেরা পরিবার–পরিজন লইয়া খাই আর বাজারে বিক্রি করি। আমগো সবজি খাইলে মানুষ মরব না, বছরের পর বছর বাঁইচ্যা থাকব।’
৭ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় গিয়ে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের আইপিএম পদ্ধতিতে (সমন্বিত বালাই দমনব্যবস্থা) কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নের শতাধিক কৃষক ও নারীরা অংশ নেন।
কলাতিয়া ও হযরতপুর এলাকা ঘুরে দেখা গেছে, বিঘা বিঘা জমিতে শিম চাষ করা হচ্ছে। শিমগাছ কীটনাশক ও কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য মাচার সঙ্গে হলুদ স্টিকার ও হলুদ রঙের জার স্থাপন করা হয়েছে। সেখানে কীটপতঙ্গ বসলে মারা যায়। অনেক জমিতে টমেটো, পালংশাক, লালশাক, ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হয়েছে। এগুলোতে ক্ষতিকর কিছু ব্যবহার করা হচ্ছে না।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনের আওতায় কেরানীগঞ্জ উপজেলায় গত বছর হযরতপুর ইউনিয়ন এলাকায় মডেল সবজি উৎপাদনে কার্যক্রম শুরু করেন তাঁরা। এ বছর থেকে হযরতপুর ও কলাতিয়া এলাকায় পাঁচ শতাধিক কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। এখানে পরিবেশবান্ধব যত ধরনের প্রযুক্তি রয়েছে, সেসব ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে।
কিষানি নাসরিন আক্তার বলেন, ‘এ বছর থেকে আমরা আধুনিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে শিম ও লালশাক বুনেছি। রাসায়নিক সার ব্যবহার না করে আমরা ফসল ফলাচ্ছি। দ্বিগুণ ফলন পেয়েছি।’
রাসায়নিক বা বিষমুক্ত হওয়ায় ফসলের ভালো দাম পাওয়া যাচ্ছে। ওই এলাকায় উৎপাদিত সবজি ঢাকার মোহাম্মদপুর, কারওয়ান বাজার ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় নিয়ে বিক্রি করা হয়।
হযরতপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমা আক্তার বলেন, ‘কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত সবজি উৎপাদনে আমরা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছি, এসব ব্যবহার করলে মানুষের কী ধরনের ক্ষতি হয়। এটা তাঁরা বুঝতে পেরে নিজেরা উদ্যোগী হয়ে পরিবেশবান্ধব যত ধরনের প্রযুক্তি রয়েছে, সেসব ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন।’