টেকনাফ সীমান্তে দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়শিবিরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলির সময় সেলিম গুলিবিদ্ধ হন।

আজ মঙ্গলবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আজ ভোর রাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই ব্যক্তিরা পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, নিহত সেলিম টেকনাফের নয়াপাড়া আশ্রয়শিবিরে ডাকাত চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং তোতারদিয়া সীমান্তে গত রাতে সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে  গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন। মুন্না গ্রুপের হয়ে চাকমাইয়া গ্রুপের সদস্যরাও ওই গোলাগুলিতে অংশ নেয়। গুলিবিদ্ধ সেলিমকে তিনজন অজ্ঞাত ব্যক্তি কুতুপালং এমএসএফ হাসপাতালে রেখে পালিয়ে যান। তাঁর শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, কী ঘটনায় সেলিমের মৃত্যু হয়েছে, সেটি তিনি জানেন না। তবে সেলিম নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আই ব্লকের বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেছেন।