আমির হোসেন তালুকদার
আমির হোসেন তালুকদার

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমির হোসেন তালুকদার (৩৬)। তিনি লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন পৌর যুবলীগের সদস্য।

পুলিশ গতকাল শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানান, বৃহস্পতিবার আমির হোসেন ভোলা শহরের একটি আবাসিক হোটেলের তিনতলার একটি কক্ষ ভাড়া করে সেখানে রাত কাটান। পরদিন তিনি আর কক্ষ থেকে বের হননি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। শুক্রবার রাতে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

সূত্র জানায়, আমির হোসেন তালুকদার লালমোহন পৌর যুবলীগের নির্বাহী সদস্য ছিলেন। তিনি ভোলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।