খুলনার আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে পিটুনিতে দিদার সরদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে আড়ংঘাটা থানার লতাগাছতলা মন্দির-সংলগ্ন রেললাইনের পাশের একটি ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত দিদার সরদার নগরের দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিদার সরদার ঘেরে মাছ চুরি করতে গেলে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সকাল আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ প্রথম আলোকে বলেন, লতা এলাকায় একটি মাছের ঘেরে চুরি করতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।