চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধর করা হচ্ছে। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া
চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধর করা হচ্ছে। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া

চোর সন্দেহে যুবককে বেঁধে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার ‘হাসান ভাই’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার মাইলারহাট এলাকার ব্যাপারীপাড়া বেলাল জামে মসজিদ প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবককে একটি ভবনের দরজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন ৫০ থেকে ৬০ জন স্থানীয় মানুষ। এ সময় দুই থেকে তিনজন ব্যক্তি কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করছেন। স্থানীয় মানুষের অভিযোগ, ওই যুবক মসজিদের ব্যাটারি ও কিছু যন্ত্রপাতি চুরি করেছেন। তবে মারধরের সময় ভিডিওতে দেখা যায়, যুবকটি বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানাচ্ছেন।

ভিডিওতে আরও শোনা যায়, উপস্থিত কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন, ‘তুই ব্যাটারি চুরি করেছিস?’ জবাবে যুবকটি বলেন, ‘আমি চুরি করিনি।’ একপর্যায়ে তাঁকে ভয় দেখাতে নখ তুলে ফেলার হুমকিও দেওয়া হয়।

ভিডিও শেষে একজনকে চট্টগ্রামের ভাষায় বলতে দেখা যায়, ‘মসজিদ থেকে ব্যাটারি ও মেশিন চুরি করতে এসে ধরা খেয়েছে চোর। এ ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আর চোরকে আপনার এলাকায় দেখলে পিটুনি দিন।’

কেউ কাঠের গুঁড়ি, কেউ লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই যুবককে

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। মো. মজিবুল নামের এক ব্যক্তি ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘আমি মনে করি, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।’

আহমেদ সাঈদ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আইনের কাছে হস্তান্তর করাই যুক্তিযুক্ত। নিজের হাতে আইন তুলে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।’ মোহাম্মদ জামাল উদ্দিন নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এভাবে মারা ঠিক হয়নি।’