
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সকিনা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভূনবীর এলাকার সালেহ উদ্দিন (৩৫) ও একই উপজেলার শাসন গ্রামের অটোরিকশাচালক আলী আকবর (৩৪)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অটোরিকশাটি উপজেলার ভূনবীর এলাকা থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিল। পথে সকিনা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজারে স্থানান্তর করা হয়। অন্য একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অটোরিকশাচালক আলী আকবরের মৃত্যু হয়। এদিকে সালেহ উদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালেহ উদ্দিনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাকিব-বিন ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে এই এলাকায় প্রচুর কুয়াশা ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে এর চালক পালিয়ে গেছেন।