বিয়ে করার কথা বলে পোশাককর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পোশাককর্মী পলি হত্যা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার তিনজন
ছবি: প্রথম আলো

সাভারের আশুলিয়ায় বিয়ে করার কথা বলে ডেকে নিয়ে এক নারী পোশাককর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় গতকাল সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক বিজ্ঞাসাবাদে আসামিরা ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।

নিহত নারীর নাম পলি বেগম (৩১)। তাঁর বাড়ি ঝালকাঠি সদর থানার পাঞ্জিপুথিপাড়া গ্রামে। তিনি আশুলিয়ার হাকিমপট্টি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁকে হত্যার মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলির প্রেমিক রেজাউল এবং তাঁর দুই বন্ধু সাইফুল ও সামিউল। বিষয়টি নিয়ে গতকাল বিকেলে আশুলিয়ার নবীনগরে র‍্যাব-৪ (সিপিসি-২) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

র‍্যাবের বর্ণনা থেকে জানা যায়, ১১ অক্টোবর পলি বেগম কারখানায় কাজ শেষে আর বাসায় ফেরেননি। বিষয়টি জানতে পেরে তাঁর সহকর্মী ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার একটি নির্জন স্থানে পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি পলির বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। এদিন রাতেই নিহত নারীর বোন আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তার করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ (সিপিসি-৩) মানিকগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, রেজাউল তাঁর স্ত্রীসহ যে বাসায় ভাড়া থাকেন, এর ঠিক পাশের রুমে পলি একা বসবাস করতেন। পলির স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ। পাশাপাশি বসবাস করায় রেজাউল ও পলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি রেজাউলের স্ত্রী জেনে ফেলায় রেজাউল বাসা পরিবর্তন করেন। পরে পলি রেজাউলকে বিয়ের কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে রেজাউল তাঁর বন্ধু সাইফুল ও সামিউলকে নিয়ে পলিকে হত্যার পরিকল্পনা করেন।

র‍্যাব জানায়, পরিকল্পনা অনুযায়ী ১১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে কারখানা ছুটি হওয়ার পর মুঠোফোনে রেজাউল পলিকে জানান, রাতেই তাঁকে বিয়ে করবেন। পরে রেজাউল, সাইফুল ও সামিউল কারখানার সামনে থেকে অটোরিকশায় পলিকে কাজি অফিসে যাওয়ার কথা বলে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় নিয়ে যান। একপর্যায়ে সামিউল রিকশার গতি কমালে রেজাউল পলিকে মাটিতে ফেলে গামছা দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। সাইফুল ও সামিউল হাত-পা চেপে ধরে রাখেন পলির। এরপর গলা কেটে মরদেহটি পার্শ্ববর্তী পরিত্যক্ত কুয়ার ভেতর ফেলে দিয়ে চলে যান তাঁরা।

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক হাচিব সিকদার প্রথম আলোকে বলেন, র‍্যাব আসামিদের থানায় হস্তান্তর করেছে। তাঁদের শনিবার আদালতে তোলা হবে।