বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করলে সরকার স্বাগত জানাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
প্রথম আলো ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের একটিই কথা, বিএনপির আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়, মানুষের সম্পদ ও প্রাণহানি না ঘটে। ঢিল ছোড়া, আক্রমণ করা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে।

আজ বৃহস্পতিবার সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে তারা (বিএনপি) তামাশা হিসেবে দেখেছেন। কিন্তু বিষয়টি সন্তোষজনক ছিল। সে ক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারত, তাদের এখন চা খাওয়ার সময় নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা করছে। এ কার্ডে কোনো অসংগতি থাকলে, তা খতিয়ে দেখা হবে।

শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি ও ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন, ‘পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের পণ্য আমদানি করতে ডলার খরচ হচ্ছে। তাই ডলারের ওপর চাপ পড়ছে। সেই সঙ্গে ডলারের একটু ক্রাইসিস তো আছেই। আমরা একটু সাশ্রয়ী হই, কম খরচ করি। বৈশ্বিক এ সংকট সবাইকে মিলে মোকাবিলা করতে হবে।’