ঢাকা-চাঁদপুর রুটে অবৈধ বাস চলাচল বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি

ঢাকা-চাঁদপুর রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে চাঁদপুরে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পদ্মা এক্সপ্রেসের চালক, শ্রমিক ও কর্মচারীরা
ছবি: প্রথম আলো

ঢাকা-চাঁদপুর রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে পদ্মা এক্সপ্রেস বাসের চালক, শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে। অর্ধশত বাসের চালক, শ্রমিক ও কর্মচারী গতকাল রোববার ভোর থেকে কর্মবিরতি শুরু করেন। এর ফলে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী বাসযাত্রীরা বিপাকে পড়েছেন।

পদ্মা এক্সপ্রেস বাসশ্রমিক আজিজ ঢালী বলেন, ‘আমরা দীর্ঘ ২০ বছর ধরে রুট পারমিট নিয়ে চাঁদপুর–কুমিল্লা সড়ক দিয়ে ঢাকা-চাঁদপুর রুটে পদ্মা এক্সপ্রেস সার্ভিসের বাস চালাচ্ছি। কিন্তু বর্তমানে এই রুটে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বেশ কয়েকটি বাস চাঁদপুর–কুমিল্লা সড়ক দিয়ে অবৈধভাবে চলাচল করায় আমাদের যাত্রী–সংকট দেখা দিয়েছে। এসব বাস যেন না চলে, সেই দাবিতে আমাদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে।’

পদ্মা পরিবহনের বাসের মালিক মজিবুর রহমান বলেন, ‘এ সমস্যার কারণে মালিক হিসেবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি; চালক, শ্রমিক–কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

বাস মালিক সমিতির সভাপতি শোহেবুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে সব ধরনের রুট পারমিট বন্ধ থাকার পরও লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু পরিবহন চাঁদপুর জেলার ওপর দিয়ে অবৈধভাবে চলাচল করছে। এতে দুর্ঘটনা ও মারামারির ঘটনা ঘটছে। বিষয়টি প্রশাসনকে দেখার জন্য জোর দাবি জানাচ্ছি।