গ্রেপ্তার রফিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়
গ্রেপ্তার রফিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়

ছেলের বউভাতের জন্য গরু চুরির অভিযোগ, শেষ রক্ষা হলো না বাবার

ছেলের বউভাতের অনুষ্ঠানের ভোজের জন্য গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাড়িতে যখন মাংস কাটাকাটি চলছিল এবং দুপুরে ভূরিভোজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন গরুর মালিক।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং জবাই করা গরুর অবশিষ্টাংশ উদ্ধার করে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় বউভাতের অনুষ্ঠান।

গতকাল সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫২) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তাঁর লক্ষাধিক টাকা মূল্যের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘর থেকে গরুটি নিখোঁজ। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ভোররাতেই তাঁরা গরুটি খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান তাঁরা।

শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল রফিকুলের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ।

সেখানে গিয়ে শহিদুল ইসলাম ও সঙ্গের লোকজন দেখেন, চুরি হওয়া গরুটি জবাই করে মাংস কাটাকাটি চলছে। জবাই করা গরুর মাথা ও চামড়া দেখে মালিক তাঁর গাভিটি শনাক্ত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে গরুর মালিক শহিদুলের ভাতিজা আনারুল ইসলামকে আঘাত করেন। আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুর মাথা, চামড়া, ভুঁড়ি ও পা উদ্ধার করে। একই সঙ্গে গরু চুরির অভিযোগে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল রফিকুলের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরির কথা স্বীকার করেছেন রফিকুল ইসলাম। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে গতকাল চারজনের নাম উল্লেখ করে চুরির মামলা করেছেন। মামলার পর রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আজ রোববার আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।