
চট্টগ্রামের কর্ণফুলী নদী পারাপারের সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে শাহ আমানত সেতুর পূর্ব পাশের মন্দির ঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম মো. বাহারুল আলম (৬২)। তিনি ভোলার দৌলতখান থানার ভবানীপুর এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন বাহারুল আলম।
বাহারুল কর্ণফুলীর ইছানগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারহেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নগরীর মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।
নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কর্ণফুলী উপজেলার ইছানগরে বাড়িতে ফিরছিলেন বাহারুল। রাত দুইটার দিকে সদরঘাটে যাত্রীবাহী সাম্পানে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে যান তিনি। এ সময় তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে রাতেই নৌ পুলিশ নদীতে তল্লাশি শুরু করে। পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও বাহারুলের কোনো সন্ধান মেলেনি।
আজ সকাল ১০টার দিকে বাহারুলের লাশ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌ থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’