বাবু সিকদার
বাবু সিকদার

বরিশালে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল নগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ মাদক বিক্রেতা চক্রের দুই সদস্যকে আটক করেছে।

নিহত বাবু সিকদার (৩০) নগরের পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় শহিদ ও সিয়াম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা পলাশপুর এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) হৃষিদ মণ্ডল বলেন, আটক দুজন মাদক বিক্রেতা গ্যাংয়ের সদস্য। নিহত ব্যক্তিও মাদক ব্যবসায়ে জড়িত ছিলেন।

বরিশাল নগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, পলাশপুর বস্তি এলাকায় মাদক বিক্রেতাদের বড় চক্র রয়েছে। এই চক্রের সদস্যদের মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন বাবুকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

নিহত বাবুর ভাই নাঈম সিকদারের ভাষ্য, স্থানীয় টোকাই মধু নামের এক ব্যক্তি তাঁর ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ ভোরে মধুর নেতৃত্বে তাঁর ভাইয়ের ওপরে আচমকা হামলা করা হয়। হামলায় মধুর সন্ত্রাসী দলের সদস্য ভাটিখানা এলাকার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছবাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেন।

নাঈম সিকদার আরও বলেন, ‘হামলার বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

কাউনিয়া থানার পুলিশ জানায়, নিহত বাবুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।