
এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের কর্মী ছুরিকাহত করেন এক তরুণকে। তরুণের বাবার করা মামলায় ১৮ দিন হাজতবাস করতে হয় হামলাকারীকে। হাজত থেকে বের হওয়ার কিছুদিন পরই তাঁর ওপর পাল্টা হামলা করা হয়। হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই ছাত্রলীগের কর্মীকে।
ঘটনার পর জড়িত ব্যক্তিরা প্রথমে সীমান্ত পথে পাশের দেশে পালানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে রাজধানীর কাকরাইল মসজিদে গিয়ে আস্তানা গাড়েন। সেখানে তাবলিগ জামাতের সঙ্গে মিশে প্রত্যন্ত এলাকায় আত্মগোপনের চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন মণ্ডল (২০) হত্যাকাণ্ড নিয়ে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
গ্রেপ্তার তিনজন হলেন শাকিব শেখ, সানমুন শেখ ও হিমেল শেখ। তাঁদের মধ্যে শাকিব ও সানমুন দুই ভাই। নিহত আরিফ হোসেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হকের ছেলে। তাঁরা সবাই সুলতানগঞ্জ এলাকায় থাকতেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পূর্বশত্রুতার জেরে গত ৭ অক্টোবর শাকিব শেখকে ছুরি মারেন আরিফ হোসেন। এ ঘটনায় শাকিবের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। সেই মামলায় পুলিশ আরিফকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৮ দিন হাজতবাসের পর জামিনে মুক্তি পান আরিফ। তখনই বদলা নিতে আরিফকে হত্যার পরিকল্পনা করেন শাকিব।
পরিকল্পনা মোতাবেক জামিনে বের হওয়ার এক সপ্তাহের মাথায় সহযোগীদের নিয়ে আরিফ হোসেনের ওপর হামলা করেন শাকিব। ৫ ডিসেম্বর রাতে হাঁসুয়া ও ধারালো অস্ত্র হাতে সুলতানগঞ্জ এলাকার উটের মোড় থেকে আরিফকে ধাওয়া করে নামাজগড় স্বদেশ ক্লিনিক মোড়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এরপর সুলতানগঞ্জের বিভিন্ন অলিগলি হয়ে পালিয়ে যান খুনিরা। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১০টি ধারালো অস্ত্র ও জিআই পাইপ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের পর আসামিরা হিলি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাবলিগ জামাতের মুসল্লিদের সঙ্গে ছদ্মবেশে আত্মগোপনে থাকার জন্য রাজধানীর কাকরাইল মসজিদে গিয়ে আশ্রয় নেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হবে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত হোসেনও উপস্থিত ছিলেন।