
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি মুদিদোকানে মুখে মাস্ক পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। দাম পরিশোধের জন্য তিনি দোকানদারকে ২০০ টাকার একটি নোট দেন। দোকানদারের কাছে ভাঙতি না থাকায় তিনি পাশের দোকানে টাকা ভাঙাতে যান। ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি চলে গেছেন। তবে তাঁর সঙ্গে থাকা একটি তালাবদ্ধ ভ্রমণব্যাগ দোকানেই পড়ে আছে।
পুলিশ জানায়, অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তি ব্যাগ নিতে ফিরে না আসায় দোকানি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে ব্যাগটি খুলে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান। সেটি সন্দেহজনক মনে হলে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ওই প্রেশার কুকারে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আশপাশের এলাকা নিরাপদ রেখে পাশের একটি খোলা মাঠে নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ভ্রমণব্যাগটি ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।