বরিশালে গভীর রাতে ডাকাত পড়ার কথা বলে মসজিদ থেকে মাইকিং

বরিশাল জেলার মানচিত্র
বরিশাল জেলার মানচিত্র

বরিশাল নগরের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে ডাকাত পড়ার কথা জানিয়ে মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। এ সময় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কোথাও কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি।

মাইকিং শুনে অনেকে পাশের থানায় ফোন করেন। কেউ কেউ আতঙ্কিত হয়ে গণমাধ্যমকর্মীদের কাছেও ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান। পরে পুলিশ নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাতে বিভিন্ন স্থান থেকে ফোন পাওয়ায় নগরের নিরাপত্তা জোরদার করা হয়। শুধু নগর নয়, জেলার বিভিন্ন উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলার অনেক স্থানে এমন গুজব ছড়ানো হয়েছে।’

গতকাল দিবাগত রাত সোয়া ২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ ফেসবুক লাইভে এসে বলেন, ২১ নম্বর ওয়ার্ডের সব কটি মসজিদ থেকে মাইকিংয়ে বলা হয়, এলাকায় ডাকাত পড়েছে। পাশাপাশি ২২, ২৩, ১৪, ১৫, ২০ নম্বর ওয়ার্ডেও মসজিদ থেকে এলাকায় ডাকাত পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য মাইকিং হচ্ছিল। মাইকিং শোনার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মেয়রকে জানিয়েছেন এবং তাৎক্ষণিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ নিলে ডাকাত পড়ার বিষয়ের সত্যতা পাওয়া যায়নি। পরে মসজিদে লোক পাঠিয়ে দেখা যায় সেখানে তালা। হুজুরদের ফোন দিয়েও পাওয়া যাচ্ছি না। তাহলে মাইকিং করল কারা?

রাত আড়াইটার দিকে অপর এক ফেসবুক লাইভে এসে কথা বলেন বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ। তিনি বলেন, ‘বিভিন্ন প্রান্ত থেকে শুনছি গুজব, তাই লাইভে চলে এসেছি। আমরা ঢাকায় ছাত্রলীগের সম্মেলনে গিয়েছিলাম, বরিশালে আসার সময় পথে লঞ্চে বসেও শুনেছি এখানেও নাকি ডাকাতি হবে। তাই আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আমাদের মনে হচ্ছে, ষড়যন্ত্রকারীরা নতুন জাল বিছিয়েছে। সারা বাংলাদেশে নাকি একসঙ্গে ডাকাতি হবে—এই ভুয়া ও গুজব খবর কারা ছড়াতে পারে, তা আপনারা আমাদের থেকে ভালো জানেন।

বরিশালের অলিগলিতে যত মসজিদ আছে, সেগুলোকে কাজে লাগিয়ে সব জায়গায় অপপ্রচার করছে যে সব শহরে ডাকাত পড়েছে। বরিশাল শহরে আমরা ৮ লাখ লোক বাস করি, কয়জন ডাকাত আসবে আর কতজন মিলে এই শহরের সবাইকে ডাকাতি করবে। এই ডাকাতির খবরের বিষয়টি সম্পূর্ণ গুজব মনে হচ্ছে, ডাকাতি হওয়ার মতো পরিস্থিতি বরিশালে নেই। আসলে ষড়যন্ত্রকারীরা এই গুজব ছড়িয়ে দেশকে নতুন কোনো দিকে ধাবিত করতে চাচ্ছে।’

বরিশাল জেলার বিভিন্ন উপজেলাতেও ডাকাতির গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খোঁজ নিয়ে জানা যায়, বরিশালের উজিরপুর, বানারীপাড়া উপজেলার কিছু অংশ ও বরিশাল সদর উপজেলারও কিছু অংশে ডাকাত পড়ার বিষয়ে মাইকিং করা হয়েছে। এ নিয়ে ফেসবুকেও আতঙ্কের কথা তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।