খুলনার ৬টি আসন

‘শক্তিশালী’ প্রতিদ্বন্দ্বীদের মনোনয়নপত্র বাতিল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭ জন, যার মধ্যে ১৫ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে।

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা জেলার ৬টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তাঁদের মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭ জন, যার মধ্যে ১৫ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই ছয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ছয় প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত রোববার থেকে খুলনার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রিটার্নিং কর্মকর্তারা শুরু করেন। গতকাল সোমবার বাছাই শেষ হয়েছে। এই দুই দিনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁদের অনেককেই বিএনপিবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল।

এখন এসব শক্তিশালী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হবেন বলে মনে করছেন স্থানীয় ভোটার ও নির্বাচনবিশেষজ্ঞরা। এতে নির্বাচন আরও একতরফা হবে বলে তাঁদের মত।

খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। আকরাম হোসেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্রটি অবৈধ হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

একইভাবে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছিল স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারাকে। মোর্ত্তজা রশিদী এই আসনের তিনবারের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার ভাই। যাচাই-বাছাইয়ে মোর্ত্তজা রশিদীর মনোনয়নপত্রটি বাতিল হয়েছে।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান দলের মনোনয়ন পাননি। সেখানে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। সংসদ সদস্য আক্তারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হননি। তবে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচিত স্বতন্ত্র প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এস এম মাহবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফীন বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাকের পার্টি মো. আজিজুর রহমান, সমর্থনকারীদের জাল স্বাক্ষর ও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণাপত্রে স্বাক্ষর না করায় স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় এবং সমর্থনকারী এক শতাংশ ভোটারের তালিকা পূর্ণাঙ্গ না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শেখ আবেদ আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে সাবেক সচিব প্রশান্ত কুমার রায় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯ জন। এর মধ্যে ইসলামী ঐক্য জোটের প্রার্থী হিদায়েতুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমানের মনোনয়নপত্রটি অপেক্ষমাণ রয়েছে।

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাঁচজন। এর মধ্যে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সমর্থনকারীদের জাল স্বাক্ষর থাকায় স্বতন্ত্র প্রার্থী কাইজার আহমেদ ও ফাতেমা জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

খুলনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৪ জন। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রিজভী আলম, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান। এর মধ্যে রিজভী আলম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। এর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১২ জন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও মো. অহিদুজ্জামান মোড়ল। এর মধ্যে এস এম রাজু ও জি এম মাহবুবুল আলম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আর মো. অহিদুজ্জামান মোড়ল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মো. রশীদুজ্জামানের আপন ছোট ভাই।

জি এম মাহবুবুল আলম বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আপিল করব। তাতেও কাজ না হলে উচ্চ আদালতে যাব।’