নোয়াখালীর কবিরহাট থানা
নোয়াখালীর কবিরহাট থানা

নোয়াখালীতে দোকানে বসে চা পানের সময় হঠাৎ একজনকে ছুরিকাঘাত, পরে মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর বিদ্যুৎ সাবস্টেশনের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ফারুক (৫০)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের বাসিন্দা।

হত্যাকাণ্ডের এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা হলেন একই এলাকার বাসিন্দা মো. আরশাদ প্রকাশ (২৮) ও তাঁর সহযোগী মো. সাজ্জাদ হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, অভিযুক্ত মো. আরশাদ প্রকাশের বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ আছে। ফারুক তাঁকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে গতকাল রাতে ফারুককে ছুরি দিয়ে আঘাত করেন আরশাদ। ফারুক এ সময় দোকানে বসে চা পান করছিলেন। পেছন থেকে হঠাৎ তাঁর ওপর হামলা করেন আরশাদ।

গুরুতর আহত অবস্থায় মো. ফারুককে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আরশাদকে আটক করে পিটুনি দেন। তাঁর সহযোগী সাজ্জাদকেও আটক করে রাখা হয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেয়।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।