
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন আমাদের অস্তিত্ব ও বিকাশের জন্য জরুরি। নির্বাচনকে প্রভাবিত করতে নানান কলাকৌশল চলছে। কিন্তু সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, এটা হতেই হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ নানা কথা শোনা যাচ্ছে। এসব তৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’
সোমবার রাত সোয়া আটটার দিকে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের নির্বাচনী জনসভায় এ কথা বলেন জোনায়েদ সাকি। শেষ দিনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন জোনায়েদ সাকি। এদিন বেলা তিনটা থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও বাঞ্ছারামপুর পৌরসভায় একযোগে মাথাল মার্কার পক্ষে গণমিছিল হয়।
জোনায়েদ সাকির সমর্থনে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ সাধারণ মানুষও মাঠে নামেন। জায়গায় জায়গায় মাথাল মার্কার পক্ষে স্বতঃস্ফূর্ত গণমিছিল বের হয়েছে। ছয়ফুল্লাকান্দিতে হযরত রাহাত আলী শাহ মাজার প্রাঙ্গণ থেকে জোনায়েদ সাকির সমর্থনে গণমিছিল বের হয়। সন্ধ্যায় উপজেলার রূপসদী ইউনিয়নে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, ‘ভোটে জনগণের আগ্রহ আছে। গণতন্ত্রের জন্য সুস্থ নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে আনতে হবে। সেটি সুস্থ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে দেশ ও আমরা আজ এই প্রান্তে পৌঁছেছি। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। এটি সংবিধান সংস্কার পরিষদ ও বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।’
নির্বাচনকে প্রভাবিত করতে নানান কলাকৌশল চলছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছি এবং করে যাচ্ছি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রাখার জন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। শহীদদের রক্ত, দীর্ঘ সংগ্রামের অর্জন হিসেবে নির্বাচনকে দেখতে চাই। তবে অনেক কথা শুনেছি, শুনছি। অনেক কিছুই হচ্ছে। জনগণকে এসব প্রত্যাখ্যান করতে হবে।’
সমর্থন দেওয়ায় বিএনপির নেতা–কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘সবার মধ্যে গণতান্ত্রিক মানসিকতা থাকা দরকার। নানা কলাকৌশল ও প্রভাব বিস্তার থেকে সব ভোটার যেন বিরত থাকেন, এটা আমার বিনীত অনুরোধ। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মাথাল মার্কার পক্ষে শ্রম দিয়ে যাচ্ছেন এবং তাঁরা অনেক বেশি তৎপর রয়েছেন। তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’