দ্রুতগতির মোটরসাইকেলে তিন আরোহী, সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। হঠাৎ সরু বেইলি সেতুর রেলিংয়ে সজোড়ে ধাক্কা। ঘটনাস্থলেই প্রাণ গেল দুজনের। গাজীপুরের শ্রীপুরের প্রহল্লাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামে পাগলা বেইলি সেতুতে আজ শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চিনারচর গ্রামের মো. শাকিল আহমেদ (২০) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়ি গ্রামের সোলাইমান মিয়ার ছেলে মো. সিয়াম আহমেদ (২১)।

ডুমনী বাজারের মো. ইসহাক আলী নামের এক ব্যক্তি নিহত ব্যক্তিদের স্বজনদের বরাতে প্রথম আলোকে জানান, ওই দুজন গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি বেসরকারি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। মোটরসাইকেল আরোহী আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে সঙ্গে থাকা ব্যক্তির নাম ও পরিচয়  জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিনজন মোটরসাইকেলে করে দ্রুতগতিতে দমদমার দিকে যাচ্ছিলেন। সেখানে পাগলা বেইলি ব্রিজ নামের একটি সেতুতে ওঠার সময় রেলিংয়ে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে। এতে দুজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত অপরজনকে স্থানীয় লোকজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, একটি বেইলি সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। অপরজনের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ১৮ জানুয়ারি বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামে লাকড়ি বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।