গ্রেপ্তার বৃষকেতু চাকমা
গ্রেপ্তার বৃষকেতু চাকমা

রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু গ্রেপ্তার

রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে জেলা শহরের হোটেল কসমস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। একই সময়ে তাঁর সঙ্গে থাকা বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল শহরের হোটেল কসমস ও এর আশপাশের এলাকায় অভিযান চালায়। অভিযানে হোটেল কসমসের পাশের একটি বাড়ি থেকে ওই দুই নেতাকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নেওয়া হয়। তবে কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব প্রথম আলোকে বলেন, দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি তিনি জেনেছেন। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানেন না তিনি। এ বিষয়ে জানতে তিনি কোতোয়ালি থানার ওসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।