নৌকা মার্কায় ভোট চাইলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ছবি: প্রথম আলো

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জানুয়ারির জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ২৯ বছরে দেশের কী উন্নয়ন হয়েছে, আর আওয়ামী লীগ শাসনামলে কী উন্নয়ন হয়েছে। দুটোকে তুলনা করলেই বোঝা যাবে, দেশের অবস্থা ভালো, নাকি মন্দ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ১২২টি বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। আজ বুধবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ করে আ ক ম মোজাম্মেল বলেন, ‘আগে কী কয়ছিলো সেইটা আপনাদের মনে আছে? কয়ছিল নৌকা মার্কায় ভোট দিলে দেশ ভারত হইয়া যাইব। আমরা ভারতের চেয়েও ভালো আছি। বর্তমানে ১৮টা সূচকে ভারতকে পেছনে ফালাইয়া আমরা আগাইয়া। তার মানে ভারত পিছাইয়া আছে। মাথাপিছু আয়, গড় আয়ু, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, সেনিটেশন, পানির ব্যবস্থাপনা, সেবামূলক সব সূচকে এবং ভারত থেকে শিক্ষাদীক্ষায়ও আমরা অনেক আগে। ভারত পিছনে। আর তারা (বিএনপি) বলছে আওয়ামী লীগকে ভোট দিলে ভারত হইয়া যাইব। ভারতের লোকই এখন বাংলাদেশে আইতে চাইতে পারে, আমরা ভারতে যাইতে চাবো কোন দুঃখে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের সভাপতিত্বে এবং মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার ও মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর জানান, কালিয়াকৈর উপজেলায় ১ জানুয়ারি বই বিতরণ করা হয়। অনেক শিক্ষার্থী টাকার জন্য বই বহনের স্কুলব্যাগ ক্রয় করতে পারেনি। তাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পরামর্শ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রাথমিকে ২৬ হাজার ৬০০ এবং অন্যান্য শিক্ষাকেন্দ্রে ১ হাজার ৪০০ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এই বাবদ খরচ করা হয়েছে ১ কোটি ১৪ হাজার টাকা।

মুরাদ কবীর বলেন, ‘আজ সকাল থেকে শুরু করে উপজেলার চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন। এই স্কুল ব্যাগ কোমলমতি শিক্ষার্থীরা পেয়ে আনন্দের সঙ্গে লেখা পড়ায় উৎসাহ পাবে বলে প্রত্যাশা করছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ হাজার ৬০০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ১ হাজার ৪০০ ব্যাগ দেওয়া হয়েছে।