১৫ বছর ধরে ফেরি করে মাল বেচেন সিরাজুল

খুলনা শহরের অলিগলিতে ভ্যানে করে মসলা ও শুকনা খাবার বিক্রি করেন সিরাজুল ফকির
ছবি: প্রথম আলো

শরতের সকালের শুভ্র-নীল আকাশ। সাদা তুলার মতো কিছু মেঘের ছোটাছুটি আকাশজুড়ে। সকাল সাড়ে আটটায় খুব বেশি রোদের তীব্রতা নেই। শহরের সড়কগুলোও অনেকটা ফাঁকা। বুধবার বিজয়া দশমীর ছুটি, তাই অফিসগামী মানুষের আনাগোনাও নেই। সড়কে মানুষের চলাচল না থাকলেও ভ্যান নিয়ে ঠিকই বের হয়েছেন সিরাজুল ফকির।

খুলনা নগরের কেডিএ অ্যাভিনিউ সড়কের শিববাড়ী এলাকায় ঢাকা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন সিরাজুল। সঙ্গে একটি ভ্যান। তাতে বড় তিনটি ঝুড়ি। ছেঁড়া লুঙ্গির কাপড় দিয়ে ঝুড়িগুলো ঢেকে রাখা।

ভ্যানের সিটে হেলান দিয়ে অলসভাবে দাঁড়িয়ে ছিলেন সিরাজুল, যেন কোনো কিছুর অপেক্ষা করছেন। ঝুড়িতে কী, এমন প্রশ্ন করতেই নড়েচড়ে ওঠেন তিনি। একটা হাসি দিয়ে বলেন—‘চিপস’। কী চিপস, কোথা থেকে এনেছেন—প্রশ্ন করতেই উত্তর দিতে থাকেন তিনি। কথায় কথায় আলাপ জমে।

সিরাজুলের বয়স ৩১ বছর। শহরের অলিগলিতে ভ্যানে ফেরি করে বিভিন্ন ধরনের মসলা, তেলে ভাজা চিপস, পাঁপড়, বাদামসহ বিভিন্ন শুকনা খাবার বিক্রি করেন। সকাল আটটার দিকে দৌলতপুরের পাবলা এলাকা থেকে ভ্যান নিয়ে বেরিয়েছেন। ফাঁকা রাস্তায় ২০ মিনিটের মতো সময় লেগেছে শিববাড়ীতে আসতে। কিন্তু যাদের জন্য সিরাজুলের ওই বিক্রির আয়োজন, তারা এত সকালে ঘুম থেকে ওঠেনি। এখন অলিগলিতে গেলে কিছু বিক্রি হবে না, বরং আওয়াজ শুনে মানুষ বিরক্ত হবেন। তাই সেখানে দাঁড়িয়ে সময় পার করছিলেন সিরাজুল।

সিরাজুলের ঝুড়িতে আছে ছোট ছোট প্যাকেট করা জিরা, ধনে, গরম মসলা, তেজপাতা, কিশমিশ, বিভিন্ন ধরনের বাদাম, চিপস, পাঁপড়, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনে-জিরাগুঁড়াসহ নানা কিছু। প্রতি প্যাকেটের মূল্য ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে প্যাকেটগুলো করা হয়েছে।

সিরাজুল বলেন, দিনে কখনো কখনো বেশ ভালো বিক্রি হয়, আবার কোনো দিন একেবারেই হয় না। আবার দেখা যায়, কোনো কোনো গলিতেই একবারে এক থেকে দেড় হাজার টাকার মালামাল বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, তাঁর বাড়ি মাদারীপুরের টেকেরহাটের ছাগলছেড়া গ্রামে। বাড়িতে তাঁর মা ও স্ত্রী আছেন। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট সিরাজুল। দুই ভাই পরিবার নিয়ে ভারতে থাকেন। আর দুই বোনের বিয়ে হয়ে গেছে। সিরাজুলের বাবা শামসুল ইসলাম ফকিরও খুলনায় এসে এভাবে ফেরি করে বিভিন্ন ফল, শাকসবজি বিক্রি করতেন।

সিরাজুল বলেন, তিনি যখন ছোট, তখন তাঁর বাবা খুলনায় এসে এভাবে ফেরি করে বিভিন্ন কিছু বিক্রি করতেন। প্রায় এক মাস ফেরি করার পর মাস শেষে বাড়িতে চলে যেতেন। বাবার এভাবে ফেরি করে জিনিসপত্র বিক্রি করার টাকাতেই তাঁদের সংসার চলত। অভাবের সংসারে খুব বেশি পড়াশোনা এগোয়নি সিরাজুলের। ১২ থেকে ১৩ বছর বয়স থেকেই বাবার সঙ্গে খুলনায় আসতে শুরু করেন তিনি। ধীরে ধীরে ব্যবসাটা শিখে নিয়েছেন। বাবা মারা গেছেন কয়েক বছর হলো। এখন তিনি ওই ব্যবসা করে সংসার চালাচ্ছেন। আগে বিভিন্ন ধরনের ফল বিক্রি করলেও দুই বছর ধরে বিক্রি করছেন মসলাসহ শুকনা খাবার।

সিরাজুল যেখানে থাকেন, সেটি একটি মেস। তাঁর মতো আরও কয়েক ফেরিওয়ালা সেখানে ভাড়া থাকেন। রান্নার সময় নেই, তিন বেলাতেই খেতে হয় হোটেলে। টিনের ছোট একটি ঘরে দুই হাজার টাকায় ভাড়া থাকেন। সকালে ভ্যান নিয়ে বের হন। শহরের অলিগলিতে সেগুলো বিক্রি করেন। বিকেলে চলে যান শহরের বড় বাজার এলাকায়। সেখান থেকে পাইকারি দামে আবার মালামাল কিনে সন্ধ্যায় বাসায় ফেরেন। গভীর রাত পর্যন্ত সেগুলো মেপে ছোট ছোট প্যাকেট করে ঘুমাতে যান। সকাল হলেই আবার বেরিয়ে পড়েন। এভাবেই কেটে যায় দিন। দিন শেষ ৩০০ থেকে ৫০০ টাকা লাভ থাকে। আগে ফল বিক্রি করে খুব বেশি লাভ হতো না। মানুষ ফল কম কিনতেন। এ কারণে সেটি বাদ দিয়ে এখন মসলা, পাঁপড়, চিপসসহ বিভিন্ন শুকনা খাবার বিক্রি করছেন। এতে যে টাকা আয় হয়, সব জমা করেন। মাসে একবার বাড়িতে গিয়ে কয়েক দিন থাকেন। তখন সংসারের খরচের টাকা দেন।

সিরাজুল বলেন, এ ব্যবসা করে যে আয় হয়, তা দিয়ে সংসার কোনো রকমে চলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তিনি চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছেন। খুব বেশি ভালো খাবার খেতে পারেন না, তবে যা আয় হয়, তা দিয়েই জীবনটা চালিয়ে নিতে হয়।