
খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়নে তদবির ও ব্যক্তিগত প্রভাবের সুযোগ কমাতে সফটওয়্যারভিত্তিক লটারি পদ্ধতি চালু করেছে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ থেকে শুরু করে যোগ্যতা যাচাই ও চূড়ান্ত পদায়ন—সবই করা হচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়ায়। এ পদ্ধতিতে এখন পর্যন্ত দুই ধাপে ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আরেক ধাপে আরও তিনজনকে আগামী সপ্তাহে বদলির কথা রয়েছে।
তবে নতুন এই পদ্ধতিতে পদায়ন শুরুর পর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রক্রিয়ায় বদলি হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পছন্দের কর্মস্থলে বদলি হতে একজন সংসদ সদস্যের মাধ্যমে তিনি তদবির করেছিলেন। পরে মূল্যায়ন ও লটারিতে তাঁর নাম ওঠে এবং তিনি সেই কর্মস্থলেই পদায়ন পান। ওই কর্মকর্তাও সংসদ সদস্যের মাধ্যমে তদবির করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নতুন বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পদায়নবঞ্চিত কয়েকজন কর্মকর্তা। তবে খাদ্য বিভাগ বলছে, পদায়নের ক্ষেত্রে কারও তদবিরে কাজ হয়নি। লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতেই পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্য বিভাগের যেসব লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) বা খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন প্রয়োজন, সেগুলোর জন্য প্রথমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগ্রহী কর্মকর্তারা অনলাইনে আবেদন করে পছন্দের কর্মস্থল উল্লেখ করেন। এরপর আবেদনকারীদের চাকরির মেয়াদ, দাপ্তরিক রেকর্ডসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ কর্মকর্তাদের ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে একটি কমিটি। ৫ জন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ১০ জন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কমিটিতে রয়েছেন। নম্বর দেওয়ার ক্ষেত্রে তাঁরা বেশ কিছু বিষয় দেখেছেন। সেগুলো হলো মেধা ও যোগ্যতা, দক্ষতা, সততা, খাদ্য সংগ্রহ বিতরণ, মজুত ও চলাচল কাজে জ্ঞান ও অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, প্রটোকল সক্ষমতা, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগে দক্ষতা, সৃজনশীল চচা বা তথ্যপ্রযুক্তি ব্যবহার দক্ষতা এবং পূর্ব কর্ম ইতিহাস।
খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর নওহাটা খাদ্যগুদামে পদায়নের জন্য ৩১ কর্মকর্তা আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৪ জনকে বাদ দেওয়া হয়। ১০০ নম্বরের মধ্যে যাঁরা ৬৯ থেকে ৯২ পর্যন্ত নম্বর পেয়েছেন, তাঁদের রাজশাহীর পবা উপজেলার নওহাটা খাদ্যগুদামের জন্য মনোনীত করে লটারি করা হয়। ১ নভেম্বর এই লটারি করা হয়েছে। এতে সাত কর্মকর্তা লটারিতে জায়গা পান। নওহাটা খাদ্যগুদামের দায়িত্ব পেয়েছেন রিয়াজুল হক। তিনি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্যগুদামে ছিলেন।
অভিযোগ পাওয়া গেছে, নিতপুর থেকে রাজশাহী পবা উপজেলার নওহাটা খাদ্যগুদামে পদায়নের জন্য তিনি একজন সংসদ সদস্যকে দিয়ে তদবির করেছিলেন। এ ছাড়া তার ১৬ বছরের কর্মজীবনে এ দিয়ে সাতটি গুদামের দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী এক কর্মকর্তা সর্বোচ্চ টানা দুই বছর একটি খাদ্যগুদামে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর অন্তত এক বছর অন্য কোনো দায়িত্ব পালনের পর তিনি আবার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেতে পারেন। সেই হিসাব ধরলে রিয়াজুল ১৬ বছরে সাতটি গুদামের দায়িত্ব পেতে পারেন না। তারপরও তিনি লটারির জন্য মূল্যায়িত হয়েছেন এবং পছন্দের কর্মস্থলের জন্য লটারিতে তারই নাম উঠেছে। এ নিয়ে বাদপড়া কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন।
লটারির আগেই বাদ দেওয়া হয়েছে এমন চার কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁদের অভিযোগ, আগেও বদলির একক ক্ষমতা ছিল আঞ্চলিক খাদ্য কর্মকর্তার। এখনো তা–ই রয়েছে। মূল্যায়ন কর্মকর্তা তিনিই নিয়োগ দিয়েছেন। তাঁর কথার বাইরে কেউ নম্বর দিতে পারেন না। আবার লটারিতে কার নাম উঠছে, তা বাইরের কেউ জানতে পারছেন না। শুধু মুখে ঘোষণা করা হচ্ছে। কে কত নম্বর পেয়েছেন, তা–ও কাউকে দেখানো হচ্ছে না। মূল্যায়নের জন্য কোনো পরীক্ষাও নেওয়া হয়নি। মূল্যায়নের নম্বর একান্তই তাঁদের মনগড়া। তাঁরা অভিযোগ করেন, ভেতরে কোনো লেনদেন হয়েছে কি না, সেটা আগেও বোঝার উপায় ছিল না, এখনো নেই।
মূল্যায়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা বদলির আবেদনকারী অনেক কর্মকর্তার সঙ্গে কাজ করেননি, তাহলে কোন অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের মূল্যায়ন করলেন—জানতে চাইলে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক প্রথম আলেকে বলেন, যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁরা তো নিজেই জেনেছেন। আর যাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়নি, তাঁরা পাশপাশে খোঁজ নিয়ে সহজেই বিভাগের একজন কর্মকর্তা সম্পর্কে জেনে নিতে পারেন। সেভাবেই করা হয়েছে। এ জন্য তাঁদের সময়ও দেওয়া হয়েছে।
নওহাটা খাদ্যগুদামের দায়িত্ব পাওয়া কর্মকর্তা রিয়াজুল হক ১৬ বছরে কীভাবে সাতটি গুদামে দায়িত্ব পান—এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক বলেন, তিনি দক্ষ কর্মকর্তা। যেখানে কেউ দায়িত্ব নিতে চাননি, এ রকম মফস্সলে তাঁকে জোর করে পাঠানো হয়েছে। সেই হিসাবে তাঁকে মূল্যায়ন করা হয়েছে। ৩১ জন আবেদনকারীর মধ্যে ২৪ জনকে ‘লটারির অযোগ্য’ বলে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁদের ভালো কাজ করতে হবে। আগামীতে তাঁরা এই স্বচ্ছ বদলি প্রক্রিয়ায় বদলির সুযোগ পাবেন।
তদবির করার ব্যাপারে জানতে চাইলে সদ্য পদায়ন পাওয়া রিয়াজুল হক বলেন, ‘সংসদ সদস্যের মাধ্যমে তদবির করলে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা স্যার আমাকে বলেছিলেন, তদবিরে কাজ হবে না।’ নতুন পদ্ধিতিতে ব্যক্তিগত তদবিরের সুযোগ কমবে দাবি করে রিয়াজুল হক বলেন, তিনি এ উদ্যোগ অব্যাহত রাখার পক্ষে।
নতুন এ পদ্ধতিতে পদায়ন পাওয়া কর্মকর্তা রোকন আলী বলেন, যোগ্যতা ও কাজের দক্ষতা যাচাইয়ের পর লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হচ্ছে। এতে তদবির বা ব্যক্তিগত প্রভাব খাটানোর সুযোগ কমবে। তিনি এ উদ্যোগে শতভাগ সন্তুষ্ট।
পদায়ন পাওয়া আরেক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চারটি কর্মস্থলের জন্য আবেদন করেছিলেন। প্রথমবার চাটমোহরে পদায়নের জন্য লটারি হলেও সেখানে তাঁর নাম ওঠেনি। পরে দ্বিতীয় দফার লটারিতে তাঁর নাম ওঠে। মিজানুর রহমানের ভাষায়, আগ্রহী কর্মকর্তাদের অনলাইনে আবেদন এবং সবার সামনে প্রকাশ্যে লটারির মাধ্যমে পদায়নের এ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তিনি নিজেও এতে শতভাগ সন্তুষ্ট।
এসব ব্যাপারে কথা বলতে মঙ্গলবার দুপুরে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর কার্যালয়ে তাঁর সঙ্গে কথা হয়। সে সময় পাশে জেলা খাদ্য নিয়ন্ত্রকও ছিলেন। এস এম কায়ছার আলী প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই বদলি করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। সারা দেশে এ প্রক্রিয়ায় বদলির জন্য তাঁরা এটা প্রস্তাব চেয়েছেন।
তদবির করা কর্মকর্তার নাম মূল্যায়ন ও লটারিতে থাকার ব্যাপারে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা বলেন, এটা তাঁর রিজিক। স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্যায়ন ও লটারির কারণে তিনিই সুযোগ পেয়েছেন। এই বদলিপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার ব্যাপারে তিনি বলেন, যে নেতাদের ছেলেরা বাদ পড়েছেন, তাঁরাই প্রশ্ন তুলছেন।