নানার সঙ্গে সড়কে হাঁটছিল শিশুটি, হঠাৎ ট্রাকের ধাক্কায় গেল প্রাণ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

আমনূরা-নাচোল সড়ক ধরে হাঁটছিল সেফা খাতুন (১১) নামের এক শিশু ও তার নানা আহসান আলী। এ সময় হঠাৎ একটি ট্রাক এসে তাঁদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে এ দুর্ঘটনা ঘটে। সেফা নেজামপুর মরাপুকুর এলাকার মো. সালামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় সেফার নানা আহসান আলী (৬৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে সেফা তার নানা আহসান আলীর সঙ্গে আমনূরা-নাচোল সড়ক ধরে হাঁটছিল। এ সময় আমনূরা থেকে নওগাঁগামী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত মামলা হয়নি জানিয়ে ওসি মিন্টু রহমান বলেন, হাসপাতালে আনার পর সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেফা। তার নানা আহসান আলীর অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছেন।