
মুজাহিদুল ইসলামের বাবা আবদুল মালেক ছিলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। তখন বাবা, মা ও দুই ভাইয়ের পরিবারটি থাকত সেখানকার একটি ভাড়া বাসায়। তবে ছয় মাস আগে বাবার মৃত্যুর পর পরিবারটিতে নেমে আসে দুর্ভোগ। মুজাহিদুলরা তাদের পৈতৃক নিবাস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ডকচাই গ্রামে চলে যায়।
আর্থিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এবারের এসএসসিতে রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মুজাহিদুল কলেজে পড়ার খরচ জোগাতে পারবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারটি।
মুজাহিদুলদের ডকচাই গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, আড়াই শতাংশ জমির ওপর পুরোনো একটি আধাপাকা ঘরে তারা কোনোরকমে থাকছে ছয় মাস ধরে। প্রতিবেশী ফজিরুল বলেন, বাবার মৃত্যুর পর কৃতী ছাত্র মুজাহিদুলের পড়াশোনা নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হবে, ভাবতেই খারাপ লাগছে। তিন বেলা খাবারের জোগান যেখানে কষ্টের, সেখানে কলেজে পড়া তো দূরের কথা।
মুজাহিদুলের মা মাসুদা পারভীন বলেন, স্বামী মৃত্যুর পর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা সব বন্ধ হয়ে যায়। হঠাৎ তাঁরা আর্থিক কষ্টের মধ্যে পড়ে যান। খেয়ে না–খেয়ে কোনোরকমে আছেন। ছেলেকে কলেজে পড়ানোর খরচ জোগানোর কোনো পথ দেখছেন না তিনি। মেধাবী ছেলেটা আর পড়তে পারবে না, সে কষ্টও তাকে কুরে কুরে খাচ্ছে।