অপহৃত দোকানি উদ্ধার

এসআরবি পরিচয়ে হাতকড়া পরিয়ে তুলে নেন চার ব্যক্তি, এরপর দাবি করা হয় মুক্তিপণ

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত দোকানি মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা এক সাবেক সেনাসদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করা হয়। পরে আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়ে তথ্য জানায় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মো. এহসান প্রকাশ হাসান দক্ষিণ আফ্রিকাপ্রবাসী ছিলেন। দীর্ঘ ১২ বছর পর সেখান থেকে ফিরে তিনি বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে একটি হার্ডওয়্যারের দোকান দেন। সেখান থেকে গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাঁকে তুলে নিয়ে যান চার ব্যক্তি। কালো পোশাক ও মুখে মাস্ক পরা ওই ব্যক্তিরা নিজেদের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বলে পরিচয় দেন। এ সময় হাসানকে হাতকড়াও পরানো হয়।

ঘটনার পর অপহরণকারী ব্যক্তিরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহসানের পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। এ ঘটনায় গত সোমবার বাঁশখালী থানায় মামলা করা হয়।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণকারী চক্রের মূল হোতা সাবেক সেনাসদস্য সুমন মুন্সিসহ (৩২) ছয়জনকে আটক করা হয়েছে। সুমন মুন্সি র‍্যাবে (বর্তমানে এসআরবি) কর্মরত ছিলেন। আটক অন্য ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, অপহৃত দোকানিকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে বাঁশখালী থানায় আনা হয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।