নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব‌্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ ‎শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপ‌জেলার স্টেডিয়াম মাঠে
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব‌্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ ‎শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপ‌জেলার স্টেডিয়াম মাঠে

শেরপুর-৩ আস‌নে জামায়াতের নির্বাচনী জনসভা, প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বর্জনের আহ্বান

ভোটারদের সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এমন কাউকে নির্বাচিত করা যাবে না, যারা ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বদলে ফেলে। প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বর্জন করতে হবে।‎

আজ ‎শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপ‌জেলার স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থ‌গিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের পক্ষে এ সভার আয়োজন করা হয়।

‎বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার সংবিধানের বই হাতে নিয়ে নানা প্রতিশ্রুতির কথা বললেও বাস্তবে তারা গণভোট বা সংস্কার পরিষদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানতে চায় না। আমরা শহীদ রেজাউল করিমের মাটিতে দাঁড়িয়ে আজ কথা বলছি। তাই দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের আর সুযোগ দেওয়া যাবে না।’

ঝিনাইগাতী ‎উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ সময় দলীয় প্রার্থী মাসুদুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীসহ সমর্থকেরাও অংশ নেন। বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (ধা‌নের শীষ), জামায়াতের মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মিজানুর রহমান (কাঁচি)।