
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক বৃদ্ধার রোগাক্রান্ত দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধার স্বজনেরা প্রতিবাদ করলে তাঁদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে আনিসুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লিখিত অভিযোগ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলা আউটসাহী ইউনিয়নের সুবচিনি গ্রামের মৃত আবদুল হক বেপারীর স্ত্রী রুমিয়া বেগম (৭৫) দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে উপজেলার বেতকা এলাকার ‘মারুফ ডেন্টাল কেয়ারে’ নিয়ে যান বৃদ্ধার মেয়ে ও জামাতা। ওই ক্লিনিকের চিকিৎসক এম জি মোস্তফা মারুফ পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃদ্ধাকে জানান, তাঁর একটি দাঁত তুলে ফেলে দিতে হবে। এ সময় ওই বৃদ্ধা আপত্তি জানালে তাঁকে বুঝিয়ে রাজি করান চিকিৎসক।
রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, রুমিয়া বেগমের রোগাক্রান্ত দাঁত না তুলে অন্য আরেকটি ভালো দাঁত তুলে ফেলেন চিকিৎসক। বৃদ্ধা বাড়িতে আসার পর আগের মতো দাঁতে ব্যথা হলে তিনি বিষয়টি জানতে পারেন। পরে ওই বৃদ্ধা ক্লিনিকে ফোন করলেও তাঁরা ধরেননি। দুই দিন পর বৃদ্ধা আবার ওই ক্লিনিকে গিয়ে চিকিৎসককে বিষয়টি জানালে তিনি নতুন করে ওষুধ লিখে দেন। কিন্তু এক সপ্তাহ পরও ব্যথা না কমায় বৃদ্ধার ছেলে আনিসুর রহমান ৪ অক্টোবর সন্ধ্যায় ওই ক্লিনিকে যান এবং চিকিৎসকের সঙ্গে মায়ের চিকিৎসার বিষয়ে জানতে চান।
আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার মায়ের একটি দাঁতের পরিবর্তে অন্য আরেকটি দাঁত কেন তুলে ফেলে দিয়েছেন, এটা তিনি চিকিৎসকের কাছে জানতে চান। তখন ওই চিকিৎসক সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির কথা বলে ভয় দেখান। আমি ক্লিনিক থেকে ফিরে এলে বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দিয়ে ফোন আসতে থাকে। পরে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক এম জি মোস্তফা মারুফ বলেন, ‘ওই বৃদ্ধার তিনটি দাঁতে সমস্যা হয়েছিল। আমার এখানে একজন মহিলা সার্জন তাঁর একটি দাঁত তুলে দেন। কিন্তু তাঁর অন্যান্য দাঁতে সমস্যা থাকায় সমস্যাগুলো এখনো রয়ে গেছে। হুমকির বিষয়টি মিথ্যা।’