
ময়মনসিংহের ভালুকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের তিনটি যানবাহনকে ধাক্কা দিয়েছে। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার (৫০) নামের এক নারী নিহত হন। তিনি ত্রিশাল উপজেলার কাশীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এ ছাড়া ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অজ্ঞাতনামা এক পুরুষকে (৬০) মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষেরা আহত লোকজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিনারা আক্তার বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছেন। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।