লক্ষ্মীপুর

চাঁদা দাবির পর কাউন্টারে তালা, একটি পরিবহনের ৫২ বাস বন্ধ

লক্ষ্মীপুর জেলার মানচিত্র
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে যমুনা হাই ডিলাক্স পরিবহনের কাউন্টারে তালা দেওয়া এবং দুই শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও তাঁর ভাই রাকিব পাটোয়ারীর বিরুদ্ধে। চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে পরিবহনটির ৫২টি বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। আজ শুক্রবারও কোনো বাস চলাচল করছে না।

যমুনা হাই ডিলাক্স লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘মাসে দুই লাখ টাকা করে চাঁদা না দেওয়ার কারণে যমুনা পরিবহনের টিকিট বিক্রির কাউন্টারে তালা ঝোলানো হয়। এরপরও আমরা চাঁদা দিতে রাজি না হওয়ার কারণে তাঁরা বাসের টিকিট ছিনিয়ে নিয়ে যান। এ সময় শ্রমিকদের ওপর হামলা করা হয়। ঘটনার প্রতিবাদে যমুনা পরিবহনের ৫২টি বাস চলাচল বন্ধ রেখেছি আমরা।’

চাঁদা দাবির বিষয়ে ৫ ফেব্রুয়ারি সাইফুল ইসলাম ও তাঁর ভাই রাকিব পাটোয়ারীর বিরুদ্ধে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছেন আবুল কাশেম। লিখিত অভিযোগে বলা হয়, চাঁদার জন্য গত বছরের ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা শহরের বাস টার্মিনালে যমুনা হাই ডিলাক্স পরিবহনের কাউন্টারে তালা দেন সাইফুল ইসলাম ও তাঁর ভাই রাকিব পাটোয়ারী। পরে একই দাবিতে ৪ ফেব্রুয়ারি জেলার চন্দ্রগঞ্জ এলাকায় দুজন শ্রমিককে মারধর করা হয়। এ ছাড়া ছিনিয়ে নেওয়া হয় যমুনা পরিবহনের টিকিট।

লিখিত অভিযোগ দেওয়ার পর ৭ ফেব্রুয়ারি থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের ভাই রাকিব পাটোয়ারী লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাঁরা দুজন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যমুনা হাই ডিলাক্স পরিবহনে তাঁর পরিবারের তিনটি বাস চলাচল করে। আবুল কাশেম প্রতিটি বাস থেকে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা আদায় করেন। এই টাকা না নেওয়ার জন্য তিনি প্রতিবাদ করছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বাস চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সুপারের নির্দেশে দুই পক্ষকে থানায় ডাকা হবে।’