মেহেরপুর জেলার মানচিত্র
মেহেরপুর জেলার মানচিত্র

পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুর সীমান্তে ৩৯ জনকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে শিশু, নারী–পুরুষসহ ৩৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়।

বিজিবি বলছে, তাঁরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিয়েছে।

বিজিবি কাজিপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা ওই বাংলাদেশিরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁরা ফরিদপুর, ঠাকুরগাঁও, মাদারীপুর, খুলনা, দিনাজপুর, রংপুর, যশোর, লালমনিরহাট, রাজবাড়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, নওগাঁ, ঢাকা ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাঁদের তথ্য যাচাই-বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, বিজিবি তাঁদের থানায় সোপর্দ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।