
গাজীপুর জেলা শহরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিএনপির গণমিছিল কর্মসূচি পণ্ড করে দিয়েছে বলে দাবি করেছে দলটি। আজ শনিবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ২০ জনকে আটক করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে জেলা ও মহানগর বিএনপি এ গণমিছিলের আয়োজন করে।
বিএনপির একাধিক সূত্র জানায়, আজ বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান আজমলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। রাজবাড়ী সড়ক দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে যাওয়ার সময় পুলিশ মিছিলে বাধা দেয়।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেন বিএনপির নেতা–কর্মীরা। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ধাওয়া করে বিএনপির ২০ নেতা–কর্মীকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা জেলা শহরের একমাত্র সড়কটি অবরোধ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেন। সড়ক থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় তাঁদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ২০ জনকে আটক করা হয়।
তবে পুলিশ বিনা উসকানিতে গণমিছিলে হামলা করেছে বলে দাবি করেছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান।
তিনি প্রথম আলোকে বলেন, আজ বেলা সোয়া তিনটার দিকে রাজবাড়ী সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, কাজী ছাইয়েদুল আলম, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় গণমিছিলে অংশ নিতে আসা একটি খণ্ড মিছিল গাজীপুর জজকোর্টের সামনে এলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালায়। মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিপেটা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন। পুলিশ কমপক্ষে ২০ জনকে আটক করে।
শাহ রিয়াজুল হান্নান আরও বলেন, দুপুর থেকে শহরের প্রতিটি প্রবেশপথে মিছিল প্রতিরোধে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ। জলকামান, সাঁজোয়া যান নিয়ে সাইরেন বাজিয়ে টহল দিতে থাকে তারা। একপর্যায়ে পুলিশ প্রধান প্রধান সড়কের দুই পাশের দোকানপাট বন্ধ করে দেয় এবং পথচারীদের দ্রুত চলে যেতে বলে।