গোয়ালন্দের উজানচর

সময় বাড়ে, কাজ শেষ হয় না

দুদুখানপাড়া-মান্নান গাছির খেয়াঘাটের ওপর সেতুর নির্মাণকাজ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে।

দেড় বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ। খেয়ানৌকাই এলাকাবাসীর পারাপারে ভরসা। ফলে ভোগান্তি আর শেষ হচ্ছে না। গত সোমবার গোয়ালন্দ উপজেলার উজানচর দুদুখান পাড়া-মান্নান গাছির খেয়াঘাটে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া-মান্নান গাছির খেয়াঘাটের ওপর সেতুর নির্মাণকাজ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। তিন দফা সময় বাড়িয়েও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। ফলে দুর্ভোগ কমছে না ওই এলাকার লোকজনের।

খেয়াঘাটের এক পাশে গোয়ালন্দের উজানচর ইউনিয়ন। অন্যপাশে ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়ন। খেয়াঘাটের অদূরে ঈশান গোপালপুরে রয়েছে আনন্দবাজার। ওই বাজারে উজানচর ইউনিয়নের লোকজন যান। অন্যদিকে ঈশান গোপালপুর থেকে অনেকে উজানচর ইউনিয়নের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন। তাঁদের খেয়া পার হতে হয়।

তিন বছর আগে সেতুর কাজ শুরু হয়েছিল। কবে কাজ শেষ হবে, তার নিশ্চয়তা নেই। শুধু শুনেই আসছি, আজ না হয় কাল শুরু হবে।
আবুল কাসেম, স্থানীয় বাসিন্দা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০১৯ সালের ৭ মে গোয়ালন্দের দুদুখানপাড়া-মান্নান গাছির সড়কে খেয়াঘাটের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুর নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে বরিশালের মেসার্স রুপালী কনস্ট্রাকশন-মামের (জেভি) অনুকূলে কার্যাদেশ দেওয়া হয়। মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ২ কোটি ৮৪ লাখ টাকা। সাব ঠিকাদার হিসেবে কাজটি করছেন গোয়ালন্দের শাহরিয়ার কবির। ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২০ সালের ২৬ জুলাই কাজ শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদার কয়েক দফা সময় বাড়ান। সবশেষ মেয়াদ বাড়িয়ে চলতি বছর ৩১ ডিসেম্বর করা হয়েছে।

এদিকে, গত ৩০ আগস্ট গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় ওই সেতুর কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। তিনি বলেন, স্থানীয় মানুষের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুর কাজ শুরু হলেও ঠিকাদার দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন। এভাবে কাজ বন্ধ রাখা মানে জনগণের সঙ্গে তামাশা করা।

এ সময় উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান বলেন, কাজটি দ্রুত শেষ করতে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু না হলে তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখবেন। ঠিকাদার ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের সময়সীমা বাড়িয়েছেন বলেও জানান তিনি।

এ সম্পর্কে সাব ঠিকাদার শাহরিয়ার কবির বলেন, সেতুর কাজ প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন শুধু স্ল্যাবের কাজ বাকি। বর্ষার কারণে পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বগতির কারণে দেরি হচ্ছে। এ জন্য আগামী অর্থবছরের জুন পর্যন্ত সময় চেয়ে আবেদন করব। এর আগেই আশা রাখি কাজ শেষ হবে।’

৫ সেপ্টেম্বর সকালে গিয়ে দেখা যায়, সেতুর কাজ বন্ধ রয়েছে। সেতুর পাশে খালের একপাশ থেকে আরেকপাশে টানানো রশি ধরে খেয়ানৌকায় লোকজন পারাপার হচ্ছেন।

এ সময় আবদুল কাদের খান নামের একজন বলেন, প্রতিদিন ভোর ছয়টা থেকে মানুষজনের আসা–যাওয়া শুরু হয়। গোয়ালন্দের মানুষ খেয়ানৌকা পাড়ি দিয়ে আনন্দবাজারে বাজার করতে যান। আনন্দবাজারসহ আশপাশের শিক্ষার্থীরা গোয়ালন্দের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। এভাবে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত চলতে থাকে।

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম ক্ষোভের সঙ্গে বলেন, ‘তিন বছর আগে সেতুর কাজ শুরু হয়েছিল। কবে কাজ শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। শুধু শুনেই আসছি, আজ না হয় কাল শুরু হবে।’

আনন্দবাজারের ব্যবসায়ী সেলিম শেখ বলেন, তাঁর বাড়ি বেড়িবাঁধের উত্তরে উজানচরের মধ্যে। বাড়ি থেকে বাজারের দূরত্ব মাত্র ১০০ মিটার। মধ্যে খাল থাকায় প্রতিদিন নৌকায় যাতায়াত করতে হয়।