১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না: শেখ সেলিম

আজ রোববার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ ফজলুল করিম সেলিম
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির উদ্দেশে বলেছেন, রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মসূচি দিতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিলে কোনো দল কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না। তারা রাস্তায় টিকে থাকতে পারবে না।

আজ রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলেন।

বিএনপি কোনো দল নয়, বরং একটা সমিতি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী আর রাজাকারদের মিলনমেলায় পরিণত হয়েছে বিএনপি। বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়। এদের কোনো আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

নির্বাচন করার মতো বিএনপির কোনো নেতা নেই দাবি করে শেখ সেলিম বলেন, যাঁরা রাজনীতি করবেন, তাঁদের জনগণের কল্যাণে কর্মসূচি দিতে হয়। কিন্তু বিএনপির কর্মসূচি হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবেন, খালেদা জিয়া ভাষণ দেবেন। এটা কোনো রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না। কারণ, তাদের দলে কোনো নেতা নেই। খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে শেখ সেলিম বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।