মধুখালীতে ট্রাকের চাপায় প্রাণ গেল বাসচালকের সহকারীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে মধুখালী উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে একটি বাসচালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. আসলাম শেখ (১৮)। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মধুখালী বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসলাম শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের মিজানুর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কাইলাইন পরিবহনের একটি বাস মধুখালী বাজার বাসস্ট্যান্ডে থামার আগেই চালকের সহকারী আসলাম লাফ দিয়ে নামেন। তবে ভারসাম্য রাখতে না পেরে সড়কের ওপরে পড়ে যান তিনি। ওই সময় পেছনের দিক থেকে আসতে থাকা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আসলাম। উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাফিউল আলম বলেন, আসলামের বাবা একজন নছিমনচালক। তাঁর তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে আসলাম দ্বিতীয়।

জানতে চাইলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাস ও ট্রাকটিকে পায়নি। নিহত আসলামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।